প্রকাশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬, ৪:১২ পিএম আপডেট: ০৭.০৩.২০২৬ ৪:১৭ পিএম (ভিজিট : ২০৬)

X
মাহফুজ আলম এবং ডা. তাজনুভা জাবীন প্রধান এর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’ এর কমিটি ঘোষণা
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধান এর নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) আংশিক এই কমিটি ঘোষণা করা হয়। নিজেদের ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও ডা. তাজনুভা জাবীন।
কমিটিতে আরো রয়েছেন- আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
অলটারনেটিভস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। বিশেষ করে তারা লক্ষ্য করেছেন যে, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে হ্রাস পেয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় জুলাইয়ের ছাত্র-জনতার হারানো স্বপ্ন পুনরুদ্ধার কমিটির অন্যতম উদ্দেশ্য।
এ বিষয়ে মাহফুজ আলম গণমাধ্যমকে বলেন, আমরা চাই তরুণরা সরাসরি অংশগ্রহণ করে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গঠনে সক্রিয় ভূমিকা রাখুক। অলটারনেটিভস-এর লক্ষ্য নতুন চিন্তা, নতুন দৃষ্টিভঙ্গি এবং সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলা।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানী ঢাকায় একটি আলোচনা সভার মাধ্যমে অলটারনেটিভস যাত্রা শুরু করে। সংগঠনটির সূত্র জানিয়েছে, আগামী কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় সফর ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।