প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:১৬ পিএম (ভিজিট : ৮৯)

X
আলোচনায় থেকেও সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পাননি যারা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংরক্ষিত আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করেছে। তালিকায় অনেক তরুণ, ত্যাগী ও অভিজ্ঞরা স্থান পেয়েছেন। তবে মনোনয়ন ফরম কেনার পর আলোচনায় থেকেও বাদ পড়েছেন অনেক আলোচিত প্রার্থী।
আজ সোমবার (২০এপ্রিল) রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
দলীয় সূত্র জানায়, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এর মধ্যে প্রায় ৯০০ জন তাদের মনোনয়ন ফরম জমা দেন।
মনোনয়ন ফরম বিক্রির সময় থেকে এবার সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন কণ্ঠশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত ফারজানা সিঁথি, মডেল মেঘনা আলম ও ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে চূড়ান্ত তালিকায় স্থান পাননি তারা।
অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আলোচনায় থাকা অনেক প্রার্থীর নামও বাদ পড়েছে। এদের মধ্যে রয়েছেন- জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী। মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ।
বাদ পড়া তালিকায় রয়েছেন দীর্ঘ দিনের বিএনপির রাজনীতি করা অনেক নেতার স্ত্রী ও নেত্রীদের নাম। তারা হলেন- বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।
সংবাদ সম্মেলনে রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন।
সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।