প্রকাশ: শুক্রবার, ১ মে, ২০২৬, ৪:৩০ পিএম (ভিজিট : ১৪৪)

X
গোলাম পরওয়ার
জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মহান স্বাধীনতা সংগ্রামের বীর মুক্তিযোদ্ধাদেরকে শ্রদ্ধার সঙ্গে ধারণ ও সম্মান করেন। স্বাধীনতার পর সংগঠনে অনেক পরিবর্তন হয়েছে। সেই সময়ের জামায়াত আর এখনকার জামায়াত এক না।
পাকিস্তান আমলের রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াতকে নিয়ে অনেক আলোচনা-বিতর্ক হতে পারে মন্তব্য করে তিনি বলেন, তার অর্থ এই না স্বাধীনতার পর কিছু পরিবর্তন হয়নি। বহুবার জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র নীতি পদ্ধতি বদল হয়েছে।
আজ শুক্রবার (১ মে) কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজনে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র পড়ে দেখবেন ভূমিকাতেই রুকন হওয়ার শর্তের মধ্যেই আমরা বলেছি, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের এই লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সঙ্গে ধারণ ও সম্মান করেছি। জামায়াতের সদস্য পদ লাভ করতে গেলে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগের স্বীকৃতি না দিলে তিনি এর সদস্য হতে পারবেন না।
তিনি আরো বলেন, সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বক্তব্যে একই সুর আমাদের আশান্বিত করেছে। আমরা এখন সামনে যেতে চাই। তাহলেই আমরা নতুন প্রজন্মকে একটা নতুন ইতিহাস দিয়ে যেতে পারব।