প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৮:৩৫ পিএম (ভিজিট : ২২)

X
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা।
ব্রেন্টফোর্ডকে উড়িয়ে আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে রাখার কাজটা সেরে রেখেছে ম্যানচেস্টার সিটি। কিন্তু শিরোপা লড়াইয়ের নিয়ন্ত্রণ তো রয়ে গেছে মিকেল আর্তেতার দলের হাতে। তাই লাগামটা ফের হাতে পেতে আর্সেনালের পরের প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম ইউনাইটেডের পক্ষে প্রার্থনা করছেন সিটি কোচ পেপ গর্দিওয়ালা।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার রাতে ব্রেন্টফোর্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে শীর্ষস্থানের সঙ্গে ব্যবধান ২ পয়েন্টে নামিয়েছে ম্যানসিটি। জেরেমি ডোকুর দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর, দ্বিতীয়ার্ধে বাকি দুটি গোল করেন আর্লিং হলান্ড ও ওমার মার্মুশ। ৩৫ ম্যাচে ২২ জয় ও আট ড্রয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানসিটি। সমান ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
ইংলিশ প্রিমিয়ার লিগে পরের ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে খেলতে যাবে আর্সেনাল। ম্যাচটি তারা জিততে ব্যর্থ হলে লাগাম চলে যাবে ম্যানসিটির হাতে। আর এজন্যই গুয়ার্দিওলা খুব করে ওয়েস্ট হ্যামের সাফল্য চাইছেন। ব্রেন্টফোর্ড ম্যাচের পর সংবাদ সম্মেলন শেষে বেরিয়ে যাওয়ার সময়, গুয়ার্দিওলা ওয়েস্ট হ্যাম সমর্থকদের মতো দুই হাত দিয়ে ক্রস বানিয়ে বললেন, “কাম অন ইউ আইরনস (ওয়েস্ট হ্যামের ডাক নাম)।”
সংবাদ সম্মেলনে এর আগে শিরোপা লড়াই নিয়ে গার্দিওয়ালা প্রতিদ্বন্দ্বীদের প্রশংসায় ভাসান। তিনি বলেন,‘ “আমরা এমন একটা দলের বিপক্ষে লড়াই করছি, যারা কোনো ম্যাচ না হেরেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে এবং মৌসুমের প্রায় পুরোটা সময় ধরে লিগ টেবিলের শীর্ষে আছে। এখন এটা আমাদের হাতে নেই, (আমাদের শিরোপা জয়ের সম্ভাবনা) নির্ভর করছে তাদের পয়েন্ট হারানোর। মুহূর্তটা দারুণ লাগছে। এই অবস্থায় আসতে পেরে আমার খুব ভালো লাগছে।”