প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:২৮ পিএম (ভিজিট : ৯০)

X
হেফাজতে ইসলাম বাংলাদেশ
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে অপপ্রচার ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে ভোলা জেলা শাখার সহসাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
রাজধানীর খিলগাঁওয়ের জামিয়া ইসলামিয়া মাখজানুল উলূমে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের দায়িত্বশীল নেতাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
সভা শেষে আজ শুক্রবার (১৫ মে) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর বিরুদ্ধে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। পাশাপাশি মহাসচিব আল্লামা সাজিদুর রহমানসহ সংগঠনের জ্যেষ্ঠ নেতাদের নাম ব্যবহার করে বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হয় বলেও দাবি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈঠকে উপস্থিত নেতারা অভিযোগগুলো পর্যালোচনা করে এর পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাননি। তারা এসব অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিহিত করেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্নের দায়ে আমিরে হেফাজতের নির্দেশে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকীকে ভোলা জেলা শাখার সহসাধারণ সম্পাদক পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও বলেন, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিকৃত তথ্য ও ভিত্তিহীন বক্তব্য প্রচার করে হেফাজতের কেন্দ্রীয় নেতাদের মানহানি এবং সংগঠনের মধ্যে বিভক্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।