কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যারা

অনলাইন ডেস্ক

রাজনীতি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। এর মধ্যে দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এমপি-মন্ত্রী হয়েছেন।

2026-05-19T20:36:37+00:00
2026-05-19T22:43:08+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যারা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:৩৬ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ১০:৪৩ পিএম  (ভিজিট : ৯৬)
মহাসচিব পদে আলোচনায় আছেন যারা
X

মহাসচিব পদে আলোচনায় আছেন যারা

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। এর মধ্যে দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এমপি-মন্ত্রী হয়েছেন। দলের নেতাকর্মীদের এখন দলীয় কার্যালয়ের চেয়ে সচিবালয়কেন্দ্রিক ব্যস্ততা বেড়েছে। এমন অবস্থায় দলটির সাংগঠনিক কর্মকাণ্ড অনেকটাই স্থবির হয়ে পড়েছে। আর এই স্থবিরতা থেকে বিএনপিকে গতিশীল করার জন্য দলের হাইকমান্ড দ্বিতীয় শীর্ষ মহাসচিবের পদে পরিবর্তন আনার চিন্তাভাবনা করছে।

২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। মাঝখানে প্রায় ১০ বছর পেরিয়ে গেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে টানা আন্দোলন-সংগ্রাম করতে হয়েছে বিএনপিকে। এই প্রতিকূল সময়ে নানা কারণেই দলের জাতীয় কাউন্সিল করা সম্ভব হয়নি। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে শুরু করে। প্রায় ২০ বছর পর ক্ষমতায় আসীন হয় দলটি। 

সূত্র জানিয়েছে, সরকার গঠনের পর বিএনপির শীর্ষ নেতারা এখন দল পুনর্গঠনের ওপর জোর দিচ্ছেন। এর ধারাবাহিকতায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দলের অষ্টম জাতীয় কাউন্সিল করার চিন্তাভাবনা করছে বিএনপি হাইকমান্ড। জাতীয় কাউন্সিলের মাধ্যমে দলকে নতুনভাবে ঢেলে সাজানো হবে। আনা হবে মহাসচিব পদে পরিবর্তন। 

বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেও এই পদে আর থাকতে চান না। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে রাজনীতি থেকে অবসরে যাওয়ার কথা বলেছেন তিনি। মির্জা ফখরুল বলেন, আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে রাজনীতিতে। কাউন্সিলের পর অবসর নিতে চাই রাজনীতি থেকে। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি। আসন্ন কাউন্সিলে মহাসচিব পদে নতুন মুখ আসবে বলেও জানান তিনি। 

মির্জা ফখরুলের অবসর নেওয়ার ঘোষণায় মহাসচিব পদ নিয়ে দলটির মধ্যে জোরালো আলোচনা চলছে। গুরুত্বপূর্ণে এই পদে সম্ভাব্য নতুন মুখ নিয়ে চলছে ব্যাপক জল্পনা-কল্পনা। দলীয় সূত্র বলছে, কাউন্সিল সামনে রেখে কয়েকজন শীর্ষ নেতা আলোচনায় এগিয়ে রয়েছেন। 

মহাসচিব হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দলের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। রাজনৈতিক কৌশল নির্ধারণে তার দক্ষতা ও দীর্ঘ অভিজ্ঞতা তাকে এই পদে অন্য অনেকের চেয়ে এগিয়ে রেখেছে। 

এছাড়াও আলোচনায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আন্তর্জাতিক যোগাযোগ, নীতিনির্ধারণ ও অর্থনৈতিক ইস্যুতে সক্রিয় ভূমিকার কারণে তিনি হাইকমান্ডের আস্থাভাজন হিসেবে বিবেচিত। নতুন প্রজন্ম ও নীতি-ভিত্তিক রাজনীতির প্রতিনিধিত্ব হিসেবেও আলোচনায় তার নাম উঠে আসছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীও রয়েছেন সম্ভাব্য মহাসচিবের আলোচনায়। দীর্ঘদিন দলের দপ্তর ও সাংগঠনিক কার্যক্রম সামলানোর অভিজ্ঞতা রয়েছে তার। দলের দুঃসময়ে নিয়মিত ব্রিফিং ও মাঠের রাজনীতিতে সক্রিয় থাকায় তৃণমূলেও তার গ্রহণযোগ্যতা রয়েছে।

দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিও রয়েছেন মহাসচিব হওয়ার দৌড়ে। ছাত্ররাজনীতি থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতিতে তার ধারাবাহিক সম্পৃক্ততা রয়েছে। তিনি দলের নীতি ও আদর্শের প্রতি অনুগত থেকে বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। সাংগঠনিক সংকট মোকাবিলা, কর্মী-সমর্থকদের একত্র রাখা এবং আন্দোলনকে গতিশীল করার ক্ষেত্রে তার দক্ষতা প্রমাণিত।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলও মহাসচিব পদে আলোচনায় রয়েছেন। বিএনপি ক্ষমতা গেলেও এখন পর্যন্ত হাবিব উন নবী খান সোহেলকে সরকারের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাংগঠনিকভাবে দক্ষ সোহেলকে দলের মহাসচিব করে চমক দিতে পারেন বলেও আলোচনা রয়েছে।





Loading...
Loading...


রাজনীতি এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy