প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:১২ পিএম (ভিজিট : ৪৭)

X
পাকিস্তানকে সিরিজ হারিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের ইতিহাসে নিজেদের সেরা অবস্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশ-ইন্টারনেট
টেস্ট ক্রিকেটে ২৬ বছরের পথচলায় এখনকার দলটিই কি বাংলাদেশের সেরা? পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ জয়ের পর প্রশ্নটি উঠতে শুরু করেছে। এই দাবির পক্ষে জোরাল স্বাক্ষ্য হয়ে এলো আইসিসি র্যাংকিং। আইসিসি টেস্ট র্যাংকিংয়ে নিজেদের সেরা অবস্থানে উঠে এসেছে বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে সিলেট টেস্টে জয়ের পর দুই ধাপ এগিয়ে বাংলাদেশ এখন জায়গা করে নিয়েছে সাত নম্বরে। এই প্রথম টেস্ট র্যাংকিংয়ে আট নম্বরের ওপরে উঠতে পারল তারা। সিলেটে পরাজয়ের পর ছয় নম্বর থেকে পাকিস্তান নেমে গেছে আটে।
৬৭ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থেকে পাকিস্তানের বিপক্ষে সিরিজটি শুরু করেছিল বাংলাদেশ। মিরপুর ও সিলেটে জয়ের পর রেটিং পয়েন্ট এখন ৭৮। টেস্ট র্যাংকিংয়ের বাংলাদেশ প্রথম আট নম্বরে উঠেছিল ২০১৮ সালের মে মাসে আইসিসির বার্ষিক হালনাগাদের পর। এরপর থেকে আট-নয়-দশ নম্বরেই ছিল ঘোরাফেরা। ধারাবাহিক সাফল্যের পথ ধরে প্রথমবার সেই শেকল ভাঙতে পারল নাজমুল হোসেন শান্তর দল।
পাকিস্তান সিরিজ শুরু করেছিল ৮৯ পয়েন্ট নিয়ে। দুই টেস্টে হেরে তাদের রেটিং পয়েন্ট এখন ৭৫। বাংলাদেশের জয় ও পাকিস্তানের পরাজয় মিলিয়ে এক ধাপ এগিয়ে শ্রীলংকা উঠে গেছে ছয়ে। আট থেকে নয়ে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ।
আর এই সিরিজ জয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশ আছে এখন পাঁচ নম্বরে। এখানেও এতটা উচ্চতায় বাংলাদেশ আগে কখনও উঠতে পারেনি। চার ম্যাচ খেলে বাংলাদেশের পয়েন্ট এখণ ২৮, পয়েন্টের শতকরা হার ৫৮.৩৩। আর পয়েন্ট তালিকায় বাংলাদেশের নিচে আছে এখন ভারত, ইংল্যন্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।