প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:৫০ পিএম (ভিজিট : ৯১)

X
ফাইল ছবি
ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ প্রদানকে মধ্যযুগীয় বলে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
বিবৃতিতে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মাধ্যমে মূলত মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিচারব্যবস্থাকে অবজ্ঞা করা হয়েছে বলে দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করছে। তার দাবি, এ ধরনের মন্তব্য রাসূল (সা.)-এর বিচারব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকারি দলের নীতিনির্ধারকরা প্রায়ই ‘মদিনার সনদের আলোকে রাষ্ট্র পরিচালনা’ এবং ‘শরীয়াবিরোধী কোনো আইন প্রণয়ন না করার’ অঙ্গীকার করলেও বাস্তবে ইসলামী শরীয়া আইনকে ‘মধ্যযুগীয়’ আখ্যা দিয়ে হেয় করা হচ্ছে। এর মাধ্যমে সরকারের আদর্শিক দেউলিয়াত্ব ও রাজনৈতিক দ্বিচারিতার বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে এবং এতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নাগরিক সমাজের উদ্বেগের কথা তুলে ধরে তিনি দাবি করেন, এ মন্তব্য ইসলামী শরীয়া আইনের প্রতি অবমাননা প্রদর্শনের শামিল।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের আহ্বানও জানানো হয়।