প্রকাশ: বুধবার, ৩ জুন, ২০২৬, ৮:৩২ পিএম (ভিজিট : ১৫)

X
বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেয়ার অনন্য কীর্তিও গড়ায় অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাতে দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেয়া হয়।
বাংলাদেশের ক্রিকেটে টি২০ মানেই দীর্ঘদিন ধরে ব্যাটারদের জন্য সবচেয়ে কঠিন সংস্করণ। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশকেরও বেশি সময় পার করলেও আড়াই হাজার রানের মাইলফলক ছুঁতে পেরেছেন খুব কম ক্রিকেটার।
তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম কিংবা সৌম্য সরকারের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরাও এই ক্লাবে জায়গা করে নিতে পারেননি। বাংলাদেশের পুরুষ ক্রিকেটে আড়াই হাজার বা তার বেশি টি২০ রান ছিল কেবল দুজনের। সাবেক অধিনায়ক সাকিব ২ হাজার ৫৫১ রান করেছেন। দেশের জার্সিতে তিনি আর খেলতে পারবেন কিনা সেটিও নিশ্চিত নয়।
অন্যদিকে বর্তমান টি২০ অধিনায়ক লিটন দাসের রান ২ হাজার ৭০২। এবার সেই বিশেষ তালিকায় যোগ হলো নতুন একটি নাম। আর সেটি কোনো পুরুষ ক্রিকেটারের নয়, বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির।
মঙ্গলবার স্কটল্যান্ডের বিপক্ষে ৫৮ রানের ইনিংস খেলার পথে দেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে টি২০তে আড়াই হাজার রান পূর্ণ করেছেন জ্যোতি। বাংলাদেশ ক্রিকেটের সামগ্রিক ইতিহাসে এই মাইলফলক স্পর্শ করা তৃতীয় ক্রিকেটার তিনি।
জ্যোতির এই অর্জনের গুরুত্ব আরও বেশি বোঝা যায় বাংলাদেশের টি-টোয়েন্টি পরিসংখ্যানের দিকে তাকালে। মাহমুদউল্লাহ রিয়াদ আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ার শেষ করেছেন ২ হাজার ৪৪৪ রান নিয়ে। মুশফিকুর রহিমও থেমেছেন দুই হাজারের কিছু বেশি রান নিয়ে। তামিমের মতো ড্যাশিং ব্যাটার মাত্র ১ হাজার ৭০১ রান নিয়ে ক্যারিয়ার শেষ করেছেন। অথচ নারী ক্রিকেটের একজন ব্যাটসম্যান হিসেবে জ্যোতি সেই সীমা পেরিয়ে গেছেন!
মাইলফলক স্পর্শের পথেও দারুণ ধারাবাহিকতা দেখিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক। ১১৬ ইনিংসে ২ হাজার ৫০০ রান পূর্ণ করেছেন জ্যোতি। একই কীর্তি গড়তে সাকিবের লেগেছিল ১২২ ইনিংস, আর লিটনের ১১০ ইনিংস। ইনিংসের হিসাবে বাংলাদেশের সেরা দুই ক্রিকেটারের সঙ্গে পাল্লা দিয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেট দলের অধিনায়ক।
নারী ক্রিকেটে জ্যোতির আধিপত্য অন্যদের ছাড়িয়ে গেছে। বাংলাদেশের মেয়েদের মধ্যে দুই হাজার রানের গণ্ডি পেরিয়েছেন কেবল তিনিই। এক হাজার রান ছুঁতে পেরেছেন কেবল ফারজানা হক। স্বাভাবিকভাবেই দেশের নারী ক্রিকেটে এই মুহূর্তে জ্যোতির অবস্থান অন্য সবার চেয়ে অনেক ওপরে।
এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে (ওয়ানডে ও টি২০ মিলিয়ে) ৪ হাজার রান পূর্ণ করেছেন জ্যোতি। এর পাশাপাশি বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ১০০টির বেশি আন্তর্জাতিক ম্যাচে নেতৃত্ব দেওয়ার অনন্য কীর্তিও গড়েছেন তিনি। এই দুই অর্জনের স্বীকৃতি হিসেবে মঙ্গলবার ম্যাচ শেষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির হাতে দলের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেয়া হয়। সেই মুহূর্তের ছবিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।