প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৯:৩৩ পিএম (ভিজিট : ৩৯)

X
সাফ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচের দৃশ্য-ইন্টারনেট
টানা তৃতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু সেই স্বপ্ন আর সত্যি হলো না। গোয়ায় শনিবার ফাইনালে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে গেছেন মারিয়া-ঋতুপর্ণারা। এ নিয়ে সাফে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
সব মলিনতা, জড়তা ঝেড়ে ফাইনালে উজ্জীবিত ফুটবলের পসরা মেললেন ঋতুপর্ণা-মারিয়ারা। পিছিয়ে পড়ার পর, দ্রুত ঘুরে দাঁড়াল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতে হজম করা গোলটি ফিরিয়ে দেওয়ার প্রাণান্ত চেষ্টায় সফল হলো না বাংলাদেশ। উল্টো শেষ দিকে আফঈদা খন্দকারের ভুলে ব্যবধান বাড়ল আরও। বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা স্বপ্ন গুঁড়িয়ে চ্যাম্পিয়ন হলো ভারত।
গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে শনিবার ওমেন্স সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। ২০১৯ সালের পর দক্ষিণ এশিয়ান নারী ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার শিরোপা পুনরুদ্ধার করল ভারত।
চলতি আসরে গ্রুপ পর্বের দেখায় ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেই ম্যাচে তারা খেলেছিল ছন্নছাড়া ফুটবল। কিন্তু এবার ছন্দময়, গোছাল ফুটবল খেলেও পেরে উঠল না ঋতুপর্ণারা।
ম্যাচের শুরু থেকে দুই দল গোল করার একাধিক সুযোগ মিস করে। যে কারণে ৪০ মিনিটে কোনো দল গোলের দেখা পায়নি। প্রথমার্ধের অন্তিম মুহূর্তে জমে ওঠে লড়াই। ৪২ মিনিটে গোল করে এগিয়ে যায় ভারত। পেয়ারি জাজাকে আটকাতে ডিফেন্ডার সুরভী ছুটে গেলেও তার গায়ে লেগে বল দিক পরিবর্তন করে। গোলকিপার মিলি অনেকটা সামনে এগিয়ে থাকায় বলটি তার মাথার ওপর দিয়ে ভাসতে ভাসতে জালে জড়িয়ে যায়।
১-০ গোলে পিছিয়ে পড়ে অবশ্য ভেঙে পড়েনি বাংলাদেশ। মাত্র ৪ মিনিটের ব্যবধানে, প্রথমার্ধের যোগ করা সময়ে লাল-সবুজ শিবিরে স্বস্তি ফেরান ঋতুপর্ণা। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ৪৮ সেকেন্ডেই গোল হজম করল বাংলাদেশ। পেয়ারি জাজার বাড়ানো ক্রসে হেড নিয়ে গোল নিশ্চিত করেন সানফিদা।
এরপর গোল পরিশোধ করাতো দূরে থাক! উল্টো ৮৩ মিনিটে তৃতীয় গোলও হজম করে বাংলাদেশ। এলোমেলো রক্ষণের সুযোগটা কাজে লাগিয়ে স্কোরলাইন ৩-১ করে ভারত। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়।
প্রমঙ্গত, বাংলাদেশ নারী সাফে প্রথম ফাইনাল খেলেছিল ২০১৬ সালে ভারতের শিলিগুড়িতে। সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায়। দুই বছর পর অনুষ্ঠিত সাফের ফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। তবে ২০২২ ও ২০২৪ সালে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে টানা দুইবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী দল। টুর্নামেন্টের আট আসরের মধ্যে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন ভারত।