
X
এই বিশ্বকাপে কি ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি দেখা হতে পারে?
শিরোপার লড়াইয়ে নামতে প্রস্তুত ফুটবলের পরাশক্তিরা। তবে উপমহাদেশের কোটি সমর্থকের চোখ সবচেয়ে বেশি থাকবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার দিকে। বিশ্বমঞ্চে এই দুই দলের সম্ভাব্য লড়াই নিয়ে আগ্রহও তুঙ্গে।
বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে ব্রাজিল আগে। মরক্কোর বিপক্ষে সেলেসাওদের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল ভোর ৪টায়। অন্যদিকে আর্জেন্টিনা মাঠে নামবে ১৭ জুন, আলজেরিয়ার বিপক্ষে। দুই দলই টুর্নামেন্টে অন্যতম শিরোপাপ্রত্যাশী। ফলে যত দিন তারা প্রতিযোগিতায় টিকে থাকবে, ততই বাড়বে সম্ভাব্য এক মহারণের অপেক্ষা।
এই বিশ্বকাপে কি ব্রাজিল ও আর্জেন্টিনার মুখোমুখি দেখা হতে পারে?
টুর্নামেন্টের ড্র অনুযায়ী, আর্জেন্টিনা রয়েছে জে গ্রুপে এবং ব্রাজিল সি গ্রুপে। দুই দলই যদি নিজ নিজ গ্রুপে শীর্ষস্থান অর্জন করে নকআউট পর্বের সব বাধা পেরোয়, তাহলে সেমিফাইনালে দেখা হতে পারে তাদের। একইভাবে দুই দল যদি গ্রুপ রানার্সআপ হিসেবেও পরের ধাপে যায় এবং সফলভাবে এগিয়ে আসে, তাহলেও শেষ চারে মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে।
অন্যদিকে একটি দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন এবং অন্যটি রানার্সআপ হয়, তাহলে তাদের সম্ভাব্য সাক্ষাৎ হতে পারে ফাইনালে। তবে দুই দলই যদি সেরা তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে নকআউটে ওঠে, সেক্ষেত্রে তাদের সম্ভাব্য লড়াইয়ের পর্যায় নির্ভর করবে নকআউট ড্রয়ের ওপর।
গ্রুপ পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। অন্যদিকে ব্রাজিলকে খেলতে হবে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে। বিশেষ করে মরক্কো, যারা সর্বশেষ বিশ্বকাপে সেমিফাইনাল খেলেছিল, তাদের বিপক্ষে শুরুতেই কঠিন পরীক্ষায় পড়তে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল ও আর্জেন্টিনা এখন পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে। সর্বশেষ দেখা হয়েছিল ১৯৯০ সালের ইতালি বিশ্বকাপে। সেই ম্যাচে ডিয়েগো ম্যারাডোনার অসাধারণ পাস থেকে ক্লাউদিও কানিজিয়ার করা গোলে ব্রাজিলকে শেষ ষোলো থেকেই বিদায় করেছিল আর্জেন্টিনা।
দুই দলের প্রথম বিশ্বকাপ সাক্ষাৎ ১৯৭৪ সালে। জার্মানি বিশ্বকাপে সেই ম্যাচে ২-১ গোলে জয় পায় ব্রাজিল। ১৯৭৮ সালে আর্জেন্টিনায় অনুষ্ঠিত বিশ্বকাপে তাদের লড়াই গোলশূন্য ড্রয়ে শেষ হয়। এরপর ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে ব্রাজিল ৩-১ গোলে জয় তুলে নেয়।
বিশ্বকাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে এগিয়ে ব্রাজিল। চার ম্যাচে তাদের জয় দুটি, আর্জেন্টিনার একটি। বাকি একটি ম্যাচ ড্র হয়েছে। এবারও ফুটবলপ্রেমীরা অপেক্ষায়, বিশ্বকাপের মঞ্চে আরেকটি ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ দেখার।