প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১০:৩১ এএম (ভিজিট : ৬৬)

X
সংগৃহীত ছবি
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক নারীকে প্রকাশ্যে মারধরের অভিযোগে যুবদল নেতা মো. সফিকুল ইসলাম ওরফে সফিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেয় উপজেলা যুবদল।
শনিবার (১৩ জুন) সকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষী গ্রামে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হন তাসলিমা আক্তার খুকি, যিনি একই এলাকার বাসিন্দা। অভিযুক্ত সফিক মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক।
ভুক্তভোগীর অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন সফিকের অধীনে কাজ করলেও বকেয়া বেতন পাননি। এ নিয়ে বিরোধের জেরে সফিক প্রথমে তার স্বামীকে মারধর করেন। পরে স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয়।
খুকি আরও অভিযোগ করেন, সফিকের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধই কাজ করেছে।
তবে অভিযোগ অস্বীকার করে সফিকুল ইসলাম দাবি করেন, খুকি ও তার স্বামীই প্রথমে তার ওপর হামলা চালান। পূর্বের কিছু বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে তিনি দাবি করেন।
এদিকে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে উপজেলা যুবদলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সফিকুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সুবর্ণচর উপজেলা যুবদলের আহ্বায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব নূরুল হুদার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।