প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ২:৩০ পিএম (ভিজিট : ৫৮)

X
সংগৃহীত ছবি
বাংলাদেশ জাতীয় সংসদ ভবনে অবস্থিত বিরোধীদলীয় নেতার কার্যালয়ে সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে অস্ট্রেলিয়ান হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) হ্যারি থমসন এবং ফার্স্ট সেক্রেটারি (রাজনৈতিক) অ্যানা পিটারসন উপস্থিত ছিলেন।
বৈঠকে বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, মারজিয়া আক্তার এমপি, মারদিয়া মমতাজ এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা দলের সদস্য আলী আহমাদ মাবরুর।
সাক্ষাৎকালে ডা. শফিকুর রহমানের আসন্ন অস্ট্রেলিয়া সফর, জাতীয় সংসদ নির্বাচনের পরবর্তী সময়ে গণতন্ত্রকে আরও কার্যকর ও অর্থবহ করে তোলার ক্ষেত্রে সরকার ও বিরোধী দলের ভূমিকা এবং সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উভয় পক্ষ মত প্রকাশ করেন যে, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র কার্যকর ও প্রাণবন্ত হতে পারে না। এ সময় ঘোষিত জাতীয় বাজেট এবং বিরোধী দলের প্রস্তাবিত ছায়া বাজেট নিয়েও মতবিনিময় করা হয়।
এ ছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনার বিকাশ এবং জ্বালানি খাতের উন্নয়ন সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে জ্বালানি খাতের উন্নয়নের বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
আলোচনার এক পর্যায়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার সংসদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের দক্ষতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে অস্ট্রেলিয়া সরকারের সম্ভাব্য সহযোগিতার বিষয়েও মতবিনিময় করা হয়েছে।