প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৪:৫৩ পিএম আপডেট: ১৯.০৬.২০২৬ ৫:১৮ পিএম (ভিজিট : ১৭০)

X
সংসদ সদস্য শাহজাহান চৌধুরী
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে ‘গুলি করার’ হুমকির ইঙ্গিত পাওয়া একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া অডিওতে একজনকে বলতে শোনা যায়- ‘লোহাগাড়ার এমপি আরমান সাহেব, শাহজাহান চৌধুরী এখানে আসলে পায়ে গুলি করবো’। এর জবাবে অপর ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।’
কথোপকথনের একপর্যায়ে প্রথম ব্যক্তি বলেন, ‘বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।’ জবাবে দ্বিতীয় ব্যক্তি বলেন, ‘এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।’
ফাঁস হওয়া অডিওতে দ্বিতীয় যে ব্যক্তির কন্ঠ শোনা যাচ্ছে সেটি সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের বলে স্থানীয়ভাবে দাবি উঠেছে। তবে অডিওতে থাকা কণ্ঠটি সত্যিই আরমান উদ্দিনের কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। অডিওতে থাকা অপর ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।