প্রকাশ: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:১৮ এএম (ভিজিট : ৮৪)

X
আবু সাদিক কায়েম
বিএনপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের (ডাকসু) ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতা আবু সাদিক কায়েম।
রোববার (২১ জুন) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া পোস্টে এই অভিযোগ তোলেন সাদিক কায়েম।
পোস্টে তিনি বলেন, গাইবান্ধায় ইউনিয়ন শিবির সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা।
ইতিহাস সাক্ষী থাকবে, ৫ আগস্টের পর এ দেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের যে ঐতিহাসিক সুযোগ জাতির সামনে এসেছিল, তা উপেক্ষা করে হাসিনার সেই রক্তপিপাসু রাজনীতির চর্চাই ফের ফিরিয়েছে বিএনপি।
তিনি বলেন, ৫ আগস্টের পর থেকে নিজেদের অসংখ্য কর্মী হত্যার পর এবার ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি-যুবদলের সন্ত্রাসীরা।
অপর শিবিরকর্মী সালাউদ্দিন এর অবস্থাও আশঙ্কাজনক।
এই হত্যাকাণ্ডের বিচার কি হবে? কে করবে? কার কাছে বিচার চাইব?
আইনের শাসন, ন্যায়বিচার, শৃঙ্খলা ও নিরাপত্তা কি আদৌ বিএনপি সরকারের অভিধানে আছে?
এদিন রাত ১০টার দিকে গাইবান্ধার ওই ঘটনার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
দলীয় সূত্রে জানা যায়, ছাত্রশিবিরের ঢাকা মহানগর শাখার উদ্যোগে রাতে প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা জড়ো হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে নেতাকর্মীরা সেখানে সড়ক অবরোধ করলে মুহূর্তের মধ্যে মোড়ের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এরপর থেকে সড়কটি অবরুদ্ধ রয়েছে।
এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া বাজারের চারমাথা চত্বরে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীর ওপর হামলার ঘটনা ঘটে।