প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৯:০৬ পিএম (ভিজিট : ১১৯)

X
যুবদলের পদবঞ্চিত নেতারা
সদ্য ঘোষিত যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের উপেক্ষা করা হয়েছে—এমন অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত নিয়েছেন পদবঞ্চিত নেতারা।
বুধবার বিকেলে রাজধানীর রমনা চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত পদবঞ্চিত নেতাদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হেয়ার রোডের ৩৫ নম্বর সরকারি বাসভবনে বিএনপির মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করবেন নেতাদের একটি প্রতিনিধি দল। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়ার পাশাপাশি সদ্য ঘোষিত কমিটি নিয়ে নিজেদের আপত্তি ও পর্যবেক্ষণ তুলে ধরবেন।
পদবঞ্চিত নেতাদের অভিযোগ, দীর্ঘদিন রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং কারাবরণকারী অনেক নেতাকে কমিটিতে স্থান দেওয়া হয়নি। পরিবর্তে রাজনীতিতে দীর্ঘদিন নিষ্ক্রিয় ও তুলনামূলকভাবে অপরিচিত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। তারা দ্রুত ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তির দাবি জানান।
সভায় সাবেক কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের ছাত্রদল এবং যুবদলের অর্ধশতাধিক নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম রফিক, মো. হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন উজ্জ্বল, জাকির হোসেন খান, রিয়ন তালুকদার, দেওয়ান অলি উদ্দিন সুমন, আবুল হাসান, খালিদ মাহমুদ মাসুদ, মাহফুজুর রহমান, মিজানুর রহমান সোহাগ, গোলাম ফারুক, নজরুল ইসলাম নাহিদ, ফরিদ খান, মহিবুল্লাহ জয়, খলিলুর রহমান জনি, রাকিবুল ইসলাম রোকন, মাহমুদ খান, খসরু আহমেদ হিরণ, সেলিম রেজা, মাসুদ রানা, মানিক হোসেন, এমদাদুল হক পারভেজ, কবির আহমেদ, মনিরুজ্জামানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।