প্রকাশ: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ২:৫৪ পিএম (ভিজিট : ৭৬)

X
সংগৃহীত ছবি
সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েন সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দেশটির দূতাবাসের রাজনৈতিক সেকশনের পরিচালক ঝ্যাং জিং এবং পলিটিক্যাল অ্যাটাশে মি. রু কি উপস্থিত ছিলেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
একই সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করতে একযোগে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
বৈঠকে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা, চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোর (সিএমবিসি) এবং বাংলাদেশে চীনের বিনিয়োগ ও প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় বিরোধীদলীয় নেতা রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে চীন সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন।
আলোচনায় বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের গুরুত্বও তুলে ধরা হয়।
উভয় পক্ষ বলেন, দুই দেশের জনগণের কল্যাণ, উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ এবং সাংস্কৃতিক বিনিময়ে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।