প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৮:২৭ পিএম (ভিজিট : ৫৮)

X
সংগৃহীত ছবি
সাবেক স্পিকার, সাবেক শিক্ষামন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর জান্নাতুল ফিরদাউস নসিবের দোয়া করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন প্রথিতযশা আইনজীবী, দক্ষ পার্লামেন্টারিয়ান এবং উজ্জ্বল রাজনৈতিক ব্যক্তিত্ব। গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু আপসহীন ভূমিকা পালন করেছেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন নীতি, আদর্শ, সততা ও দেশপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। রাষ্ট্র পরিচালনা, আইন প্রণয়ন, শিক্ষা খাতের উন্নয়ন এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে তাঁর অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রজ্ঞা, প্রজ্ঞাময় নেতৃত্ব এবং দেশপ্রেম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ আইনজ্ঞ, অভিজ্ঞ সংসদ নেতা ও গণতন্ত্রের নিবেদিতপ্রাণ সৈনিককে হারালো।
উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ (রোববার) ভোর আনুমানিক ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর কবরকে জান্নাতের বাগিচাসমূহের একটি বাগিচায় পরিণত করুন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।