প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৪:১০ পিএম (ভিজিট : ৪৩)

X
সংগৃহীত ছবি
বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এক প্রতিনিধি দল।
দলের নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে বিদায় নেয়া ডাকসু ভিপি সাদিক কায়েম।
সাক্ষাতে দেশের জনস্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক বিভিন্ন বিষয়, গণভোটের জনরায় বাস্তবায়ন, শিক্ষার্থীদের প্রত্যাশা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক প্রকল্প নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎ শেষে জানানো হয়, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজ ও দেশের মানুষের প্রত্যাশার বিভিন্ন দিক ডা. শফিকুর রহমানের কাছে তুলে ধরা হয়।
একই সঙ্গে গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং সম্প্রতি রংপুরে তিস্তা রক্ষা আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় তাঁকে ধন্যবাদ জানানো হয়।
এ ছাড়া চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং তাদের দুর্দশা লাঘবে উদ্যোগ নেওয়ার জন্যও বিরোধী দলীয় নেতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
আলোচনায় ডা. শফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে ডাকসুর গৃহীত বিভিন্ন প্রকল্পের অগ্রগতির খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় জাতীয় দায়িত্ব পালনে অব্যাহত সহযোগিতা ও প্রচেষ্টার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড সংস্কারে বরাদ্দকৃত দুই কোটি টাকার প্রকল্প, সেন্ট্রাল মসজিদে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) স্থাপন ও সংস্কার, কার্জন হলসহ গুরুত্বপূর্ণ স্থানে ক্যান্টিন চালুর উদ্যোগ এবং প্রায় দুই ডজন উন্নয়ন প্রকল্প প্রশাসনিক জটিলতায় আটকে থাকার বিষয়েও আলোচনা হয়। এসব ক্ষেত্রে প্রশাসনের সার্বিক অসহযোগিতায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বার্ষিক বাজেটে গবেষণা খাতে কোনো বরাদ্দ না থাকায় বিস্ময় প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের বিভিন্ন মৌলিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।