প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ৯:৪৮ পিএম (ভিজিট : ৪০)

X
স্যার গ্যারি সোবার্স
সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে মারা গেছেন এই ক্যারিবিয়ান কিংবদন্তি।
সোবার্সকে অনেকেই মনে করেন সর্বকালের সেরা অলরাউন্ডার ও সর্বকালের সেরা ক্রিকেটার। ব্যাটিংয়ে যেমন তিনি ছিলেন অসাধারণ, বোলিংয়ে তেমনি ছিলেন কার্যকর। বাঁহাতি পেস বোলিংয়ের পাশাপাশি অর্থোডক্স স্পিন, রিস্ট স্পিন, সবই করতে পারতেন। ফিল্ডিংয়েও ছিলেন দুর্দান্ত, বিশেষ করে স্লিপে। শুধু ব্যাটসম্যান হিসেবেও সর্বকালের সেরাদের তালিকায় রাখা হয় তাকে।
১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে সোবার্স ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন। এ সময়ে তিনি ৮,০৩২ রান করার পাশাপাশি ২৩৫টি উইকেট শিকার করেন। ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে সোবার্স অপরাজিত ৩৬৫ রানের একটি চোখ ধাঁধানো ইনিংস খেলেন। পরবর্তী ৩৬ বছর ধরে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড হিসেবে টিকে ছিল।
একজন বাঁহাতি ব্যাটার হওয়ার পাশাপাশি তিনি বোলিংয়েও ছিলেন অত্যন্ত বহুমুখী। তিনি একই সাথে স্পিন এবং পেস উভয় ধরনের বোলিং করতে পারতেন। ১৯৬৮ সালে নটিংহ্যামশায়ারের হয়ে খেলার সময় প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে এক ওভারে ৬টি ছক্কা মারার অনন্য কীর্তি গড়েন তিনি।
ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে তাকে নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত করা হয়। এছাড়াও তিনি উইজডেনের বিংশ শতাব্দীর সেরা পাঁচ ক্রিকেটারের একজন হিসেবে নির্বাচিত হয়েছিলেন।