প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ৭:২৬ পিএম (ভিজিট : ৪৩)

X
বাঁশেরকেল্লা পেইজ
ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট এবং মন্তব্য প্রচারের অভিযোগে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন সাতকানিয়া উপজেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান।
আজ সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। শুনানি শেষে আদালত অভিযোগটি আমলে নিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।
মামলায় ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম (BaserKella South Chittagong)’ নামে একটি ফেসবুক পেজকে বিবাদী করা হয়েছে। পাশাপাশি আপত্তিকর মন্তব্য করার অভিযোগে চার ফেসবুক ব্যবহারকারী মিলন হোসেন বাহার মিয়া, হেলাল মোহাম্মদ, শাহজাদা আবদুল হামিদ ও কাজী নুমিকে বিবাদী করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৫ জুলাই দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় নিজ ভাড়া বাসায় অবস্থানকালে আজিজুর রহমান ফেসবুকে নিজের বিরুদ্ধে একটি আপত্তিকর পোস্ট দেখতে পান। অভিযোগ অনুযায়ী, ‘বাঁশেরকেল্লা দক্ষিণ চট্টগ্রাম’ নামের একটি পেজ থেকে প্রকাশিত ওই পোস্টে তাকে নিয়ে বিভিন্ন মানহানিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়।
পরবর্তীতে বিষয়টির প্রতিবাদ জানিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন তিনি। এরপরও কয়েকজন ব্যবহারকারী তার পোস্টে আপত্তিকর মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
আজিজুর রহমানের দাবি, এসব পোস্ট ও মন্তব্যের কারণে তার ব্যক্তিগত, সামাজিক এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আয়াত উল্লাহ বলেন, বিবাদীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর তথ্য প্রচার করে তার মক্কেলের সম্মানহানি করেছেন।