প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:১৮ পিএম (ভিজিট : ৮০)

X
যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব
বিএনপির দুটি কাজ বড় মাপের ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে মনে করেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের দখলদারিত্বের সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা না করা ও ফ্যাসিস্ট আমলে ক্ষমতার অপব্যবহারকারীদের সরিয়ে দেওয়ার বিষয়টি উল্লেখ করে করেছেন তিনি।
মঙ্গলবার (২৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে একথা বলেছেন ড. মির্জা গালিব।
বিএনপির দুটি কাজ বড় মাপের ধন্যবাদ পাওয়ার যোগ্য উল্লেখ করে তিনি লিখেছেন, ‘এক, সরকার শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংগঠনের দখলদারিত্বের সংস্কৃতিকে পৃষ্ঠপোষকতা করছে না।
দুই, প্রশাসন থেকে বিগত ফ্যাসিস্ট আমলে ক্ষমতার অপব্যবহারকারীদের সরিয়ে দিচ্ছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলকে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পুনর্গঠন করা উচিত উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের ম্যানেজমেন্টে ছাত্রদলকে ইনভলভ করতে পারে। এর ফলে ছাত্রদলের মধ্যে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশিপ ক্যাপাসিটি বাড়বে।’
ড. মির্জা গালিব বলেন, ‘সবচেয়ে ভালো হয়, ভিন্ন ভিন্ন জেলা বা বিভাগে ছাত্রদল, ছাত্রশিবির আর ছাত্রশক্তিকে ইনভলভ করলে। তাতে এই সংগঠনগুলোর মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা বাড়বে। একটা তরুণ প্রজন্মকে ভালো কালচারের মধ্যে বড় করতে পারলে, তার লং-লাস্টিং ইমপ্যাক্ট পড়বে আমাদের জাতীয় জীবনে।’