প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ৭:৫৪ পিএম (ভিজিট : ১৫)

X
নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
বাংলাদেশ দলের মূল বহর এখনও দেশ ছাড়েনি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বিশেষ কারণে সবার আগে অস্ট্রেলিয়াগামী বিমানে উঠেছেন দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদ।
দুজনই মঙ্গলবার রাতে দেশ ছাড়বেন চিকিৎসা ও শারীরিক মূল্যায়নের (অ্যাসেসমেন্ট) জন্য। তবে তাসকিন আহমেদ অ্যাসেসমেন্ট শেষে অস্ট্রেলিতেই থেকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন। আর চোটের কারণে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়া নাহিদ রানা চিকিৎসা শেষে দেশে ফিরে পুনর্বাসন (রিহ্যাব) শুরু করবেন।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস জানিয়েছেন, নাহিদকে শুধু সাইড স্ট্রেইনের জন্য নয়, দীর্ঘদিনের শিনবোনের সমস্যারও বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষার জন্য অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় ওর অ্যাসেসমেন্ট করানোর জন্যই পাঠানো হচ্ছে। সাইড স্ট্রেইন যেটা আছে, সেটা তো স্বাভাবিকভাবেই সেরে উঠবে। পাশাপাশি ওর পায়ের যে সমস্যাটা সবসময় থাকে, সেটাও পরীক্ষা করানো হবে।’
নাহিদকে কি হুট করেই অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘না। আগে থেকেই পরিকল্পনা ছিল। আমাদের ফাস্ট বোলারদের, কিংবা যাদের টুকটাক সমস্যা আছে, তাদের অ্যাসেসমেন্ট করানোর কথা ছিল। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করা হচ্ছে।’
শাহরিয়ার নাফিস জানান, নাহিদ ও তাসকিন প্রায় চার থেকে পাঁচ দিন অস্ট্রেলিয়ায় অ্যাসেসমেন্টে থাকবেন। এরপর নাহিদ দেশে ফিরে রিহ্যাব শুরু করবেন। তবে তাসকিন সেখানেই বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন, ‘নাহিদ রানা ফিরে আসবে, এসে রিহ্যাব করবে। তাসকিন টিমের সঙ্গে যোগ দেবে।’
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট ডারউইনের মারারা ওভালে। দ্বিতীয় ও শেষ টেস্ট ২২ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।
বাংলাদেশ দলের মূল বহর ৩১ জুলাই দিবাগত রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে। তবে তার আগেই দুই পেসারের চিকিৎসা ও শারীরিক মূল্যায়ন শেষ করে নেওয়াকে গুরুত্বপূর্ণ মনে করছে টিম ম্যানেজমেন্ট।