প্রকাশ: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১২:৫২ পিএম (ভিজিট : ০)

X
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম
চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সৌরবিদ্যুৎ ব্যবহার নিয়ে আয়োজিত পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ রাখা হয়েছে। নির্বাচনের প্রস্তুতি ও সংশ্লিষ্ট কার্যক্রম বাস্তবায়নে বরাদ্দ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না।
স্থানীয় সরকার ব্যবস্থাপনা নিয়ে মীর শাহে আলম বলেন, ছয় মাস খুব কম সময়। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ করা হচ্ছে। নিজেদের কাজে খুব একটা সন্তুষ্ট নন, তবে অনেকদূর এগিয়েছেন।
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কাজ পরিচালনা করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি এলে সেবার মান ও কাজের গতি আরও বাড়বে।