প্রকাশ: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ১১:৩১ এএম আপডেট: ০১.০২.২০২২ ১২:০২ পিএম (ভিজিট : ১৫৭)

X
দেশের ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে শৃঙ্খলার মধ্যে আনতে এবং সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকে তদারকির জন্য একটি স্বতন্ত্র ব্যবসা পরিচিতি নম্বর (ইউবি আইডি) চালু করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। আগামী ৬ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু করবে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেল সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয়ের উপসচিব (ডিজিটাল কমার্স সেল) মুহাম্মদ সাঈদ আলী গণমাধ্যমকে জানান, ইউবি আইডি চালুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে ৬ ফেব্রুয়ারি চালু করা হবে। তবে করোনার কারণে অনুষ্ঠানটিকে ভার্চুয়াল করার পরিকল্পনা রয়েছে মন্ত্রণালয়ের। দেশের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানকেই এই আইবি আইডি নিতে হবে। প্রথমে এই ইউবি আইডি বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকলেও পরে এই দায়িত্ব রেজিস্ট্রার অব জয়েন স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি)-এর হাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, একটি রূপরেখা অনুযায়ী সবাইকে ইউনিক বিজনেস আইডেন্টিটির আওতায় আনা গেলে দেশের সব ধরনের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে কর্তৃপক্ষের তত্ত্বাবধান সহজ হবে এবং ব্যবসায় শৃঙ্খলা আসবে।
জানা গেছে, ইউবি আইডির কারিগরি কাজটি পরিচালনা করছে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের আওতায়। গত বছরের নভেম্বর থেকে ইউবি আইডি চালুর কারিগরি প্রক্রিয়ায় সম্পন্ন করতে কাজ করে যাচ্ছে।
এর আগে গত ১৯ জানুয়ারি আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘আমি সম্প্রতি এর পরীক্ষামূলক কার্যক্রম দেখেছি। আশা করছি ফেব্রুয়ারিতে এই ইউবিআইডি চালু করা সম্ভব হবে।’