প্রকাশ: রোববার, ৬ ফেব্রুয়ারি, ২০২২, ২:১৪ পিএম (ভিজিট : ১৯৮)

X
দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে ইউনিক বিজনেস আইডেন্টিফিকেশন (ইউবিআইডি) উদ্বোধন করা হয়েছে আজ। এর ফলে ফেসবুকসহ অনলাইন মাধ্যমে যারা ব্যবসা করবেন, তাদের নিবন্ধনের আওতায় আসতে হবে। ইউনিক বিজনেস আইডি উদ্বোধনকালে চালডাল লিমিটেড, আজকের ডিল, রকমারি.কমসহ ১১টি প্রতিষ্ঠানকে নিবন্ধন দেওয়া হয়। তাদের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানকে সনদপত্র প্রদান করা হয়।
রোববার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে সকাল ১০টায় প্রথমে ডিজিটাল কমার্স ব্যবসার সার্বিক বিষয়ে পর্যালোচনা সভা হয়। এরপর দুপুর ১টায় অ্যাপের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।
এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা চেষ্টা করছি, ই-কমার্সের টাকাগুলো ফেরত দেওয়ার। ইতোমধ্যে কিউকমের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছে। বাকিটাও আমরা চেষ্টা করছি।’
এছাড়াও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান মাসুদ বিশ্বাস, এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন, ই–কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইক্যাব) সভাপতি শমী কায়সার, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবির, পুলিশের সিআইডি, এসবি, ডিজিটাল সিকিউরিটি এজেন্সি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ডাক অধিদপ্তরসহ মোট ১৬টি প্রতিষ্ঠানের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জানা গেছে, ইউবিআইডির পাশাপাশি নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কারও অভিযোগ থাকলে তা নিষ্পত্তির জন্য চালু করা হচ্ছে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেমও (সিসিএমএস)। এছাড়া ‘বিনিময়’ নামে একটি ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম তৈরির কাজও চলছে।