প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ১:১৫ পিএম আপডেট: ১৭.০২.২০২২ ১:২৫ পিএম (ভিজিট : ২৬৯)

X
কলেজছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর চকবাজার থানার লালবাগ এলাকা থেকে মনির হোসেন শুভ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, ‘সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকা থেকে কলেজ ছাত্রীকে তুলে নিয়ে চার দিন আটকে রেখে গণধর্ষণের ঘটনা প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-৩ এর একটি দল গতরাতে রাজধানীর চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আলোচিত ধর্ষণের প্রধান অভিযুক্ত মো. মনির হোসেন শুভকে আটক করে।’
ধর্ষণের শিকার ওই ছাত্রী গণমাধ্যমকে জানান, তার মা বেঁচে নেই। বাবা পক্ষাঘাতগ্রস্ত। গত ১২ ফেব্রুয়ারি সকালে তিনি প্রাইভেট পড়তে শিক্ষকের বাসায় যাচ্ছিলেন। পথে লালবাগের কেল্লার মোড়ে আল আমিন ও শুভ নামে দুজন তাকে মুখে রুমাল চেপে ধরলে তিনি চেতনা হারিয়ে ফেলেন। পর চেতনা ফিরলে দেখতে পান, একটি পরিত্যক্ত ভবনের ভেতরে তিনি। ভবনে তারা ছাড়া অন্য কেউ ছিলেন না। ভবনটি কোন এলাকায়, তা চিনতে পারেননি। চেতনা ফিরলে তাকে ছেড়ে দেওয়ার জন্য তিনি শুভ ও আল আমিনের কাছে কাকুতি-মিনতি করেন। কিন্তু তারা কর্ণপাত করেননি। উল্টো তারা ধর্ষণ করতে চান। এতে বাধা দিলে তাকে তারা মারধর ও ধর্ষণ করেন। এভাবে চার দিন আটকে রেখে তাকে প্রতিদিন তারা দুজন পালাক্রমে ধর্ষণ করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বুধবার বিকেলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রেখে পালিয়ে যান ওই দুজন। সেখান থেকে এক নারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
শুভ ও আল আমিন তার পূর্বপরিচিত বলে জানিয়ে ওই ছাত্রী বলেন, ‘কিছুদিন ধরে শুভ আমাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় ফোনে উত্ত্যক্ত করা শুরু করেন।’
এদিকে র্যাব বলছে, দল বেঁধে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না তা মেডিক্যাল রিপোর্ট পাওয়া গেলে জানা যাবে। আটকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানা যায়।