
X
দীর্ঘ ৭ মাস বিরতির পর ওয়ানডে ফরম্যাটে মাঠে নামছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যস্ত সময় কাটিয়ে আবার ৫০ ওভারের খেলায় ফেরাটা হচ্ছে দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ দিয়ে। গত বছর বাংলাদেশের মত আফগানরাও টি-টোয়েন্টি খেলেছে কম। তাই এই সিরিজ বাড়তি গুরুত্ব পাচ্ছে দুই দলের কাছেই।
আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায়, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল।
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ নিজেদের সেরা শক্তি নিয়েই মাঠে নামবে। পূর্ণশক্তির স্কোয়াডে এবার আছেন কয়েকজন তরুণ মুখ। এই ম্যাচে অভিষিক্ত হতে দেখা যেতে পারে মাহমুদুল হাসান জয় বা ইয়াসির আলী রাব্বিকে। এছাড়া তেমন বড় কোনো পরিবর্তনের আভাস নেই।
মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের সাথে গতির ঝড় তুলতে একাদশে সুযোগ পেতে পারেন শরিফুল ইসলাম। ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের সেরা বোলার মেহেদী হাসান মিরাজ স্পিন ডিপার্টমেন্টে পাশে পাবেন সাকিব আল হাসানকে। অলরাউন্ডারদের মধ্যে আরও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন ধ্রুব, যারা থাকছেন গেম প্ল্যানে।
ব্যাটিংয়ে অধিনায়ক তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে ভরসা লিটন দাস। তিন নম্বরে যথারীতি সাকিবই থাকছেন। উইকেটরক্ষকের ভূমিকায় মুশফিকুর রহিমেরই থাকার কথা রয়েছে। ইয়াসির ও জয়ের মধ্যে যার সুযোগ হবে খেলা, তাকে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বরে রাখার কথা আগেই জানিয়েছেন অধিনায়ক।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ:
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল হাসান জয়/ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (উইকেটরক্ষক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
চট্টগ্রামের ব্যাটিংস্বর্গে একাদশ যেমনই হোক, বাংলাদেশের ব্যাটাররা রান পাবে এমনটাই আশা সবার। টি-টোয়েন্টি শেষে এখন সময় টি-টোয়েন্টি মেজাজ ঝেরে ফেলে আফগানদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে মনোনিবেশ করার। আশা রয়েছে সাগরিকায় টাইগাররা হতাশ করবেন না দীর্ঘদিন পর মাঠে আসা দর্শকদের।