প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১১:৫৮ এএম আপডেট: ০১.০৩.২০২২ ১২:২১ পিএম (ভিজিট : ১৮৮)

X
আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চলবে এই নিষেধাজ্ঞা। ইউক্রেনে হামলার জেরে এ সিদ্ধান্ত নিয়েছে ফুটবল বিশ্বের প্রভাবশালী সংগঠন দুটি। খবর গার্ডিয়ানের।
ফলে আগামী বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেলো দেশটির। এছাড়া ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাও রাশিয়ার ক্লাবগুলোকে সব ধরনের ইউরোপিয়ান প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে।
গতকাল সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানায় বিশ্ব ও ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা দুটি। খবর গার্ডিয়ানের।
ফিফা ও উয়েফার যৌথ বিবৃতিতে বলা হয়, ফিফা ও উয়েফা সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার যেকোনো দল, সেটা জাতীয় দল কিংবা ক্লাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিফা ও উয়েফার প্রতিযোগিতায় নিষিদ্ধ থাকবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের আক্রান্ত মানুষজনের সঙ্গে ফুটবল পুরোপুরি একাত্মতা পোষণ করছে। দুই সংস্থার সভাপতি আশা করছেন, শিগগির পরিস্থিতিতে বড় উন্নতি আসবে। তাহলে ফুটবল আবারও জনগণের মধ্যে ঐক্য ও শান্তির প্রতীক হয়ে উঠতে পারবে।
উল্লেখ্য, এর আগে রোববার এক বিবৃতিতে ফিফা জানায়, রাশিয়ায় আপাতত কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হবে না। এছাড়া নিরপেক্ষ ভেন্যুতেও নিজেদের পতাকা ও সঙ্গীত ছাড়া ফুটবল ইউনিয়ন অব রাশিয়া নামে খেলতে হবে তাদেরকে। একদিন পরই সব ধরনের প্রতিযোগিতা থেকে রাশিয়াকে বহিষ্কার করে ফুটবল সংস্থা দুটি।