প্রকাশ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২, ১:১৯ পিএম আপডেট: ০১.০৩.২০২২ ১:২৫ পিএম (ভিজিট : ১৭৩)

X
বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজ শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়েছে চট্টগ্রাম পর্বও। এবার আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের প্রথম টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার (৩ মার্চ)। এ সিরিজে পুরো গ্যালারিতেই দর্শক রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজের টিকিট বিক্রয় শুরু হবে আগামী বুধবার (২ মার্চ) থেকে।
আজ বিসিবি থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে প্রতি ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রয় করা হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। সবচেয়ে কম মূল্যের টিকিট ইস্টার্ন স্ট্যান্ডের এবং বেশি মূল্যের টিকিট গ্র্যান্ড স্ট্যান্ডের।
সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া টি-২০ সিরিজের দুইটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকেল তিনটায়।
টিকিটের মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড থেকে খেলা দেখতে হলে ১০০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে টিকিট। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। এছাড়াও খেলা দেখা যাবে ক্লাব হাউজ, নর্থ/সাউথ স্ট্যান্ড এবং ইস্টার্ন স্ট্যান্ড থেকে। ক্লাব হাউজে টিকিটের মূল্য ৩০০ টাকা; নর্থ/সাউথ স্ট্যান্ডে ১৫০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ডের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।