প্রকাশ: শুক্রবার, ৪ মার্চ, ২০২২, ৯:৫৩ পিএম (ভিজিট : ১৩৫)

X
ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এরই অংশ হিসেবে রুশ আগ্রাসনের নবম দিনে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় একটি শহরে রাশিয়ার সামরিক বাহিনী হামলা চালিয়েছে। হামলায় ৩৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১৮ জন। এই দিনেই পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, 'ইউক্রেন থেকে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ড পৌঁছেছেন ৬ শতাধিক বাংলাদেশি। আর ইউক্রেনে ১০০ মতো বাংলাদেশি এখন থাকতে পারেন।'
শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাসুদ বিন মোমেন আরো জানান, 'ইউক্রেনে যারা এখন আছেন, তাদের বেশির ভাগেরই ফ্যামিলি আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না। ইউক্রেনে কিছু পকেট আছে, সেখানে বাংলাদেশি থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি সেখানে যদি থাকেন, তাহলে তাদেরও যেন সঙ্গে নেন।'
যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে প্রভাব পড়বে কি না জানতে চাইলে মাসুদ বিন মোমেন বলেন, 'নিষেধাজ্ঞার ফলে ফুল রেঞ্জে কি প্রভাব পড়বে, সেটা নিয়ে আলোচনা করছি। আমরা এটা নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলছি। এটা নিয়ে আরো বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এখনই কোনো প্রভাব না বলে জানান তিনি।'