প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১০:১২ এএম আপডেট: ০৭.০৩.২০২২ ১০:২৯ এএম (ভিজিট : ২০৩)

X
আজ ঐতিহাসিক ৭ই মার্চ। বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। আর এ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সোমবার (৭ মার্চ) সকাল ৭টার দিকে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এর পর সেখানে বঙ্গবন্ধুর সম্মানে এক মিনিট নীরবতা পালন করেন তিনি। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় ৩২ নম্বর।
পরে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
৭ই মার্চ বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অনন্য দিন। ১৯৭১ সালের এই দিনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রেসকোর্স ময়দান) বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।’
বঙ্গবন্ধুর ভাষণের সর্বশেষ দুটি বাক্য পরবর্তী সময়ে বাঙালির স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের দিক-নির্দেশনা ও প্রেরণার হাতিয়ারে পরিণত হয়। এদিন বঙ্গবন্ধু তার ভাষণে বলেছিলেন, ‘রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব। এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ।’