
X
ঐতিহাসিক ৭ মার্চে সারাদিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ শেষে আজ সোমবার (৭ মার্চ) বিকেলে ৬ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির উপ-রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের আমন্ত্রণে শেখ হাসিনার এ সফর। গতকাল রবিবার (৬ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সফর শেষে ১২ মার্চ প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
আজ সোমবার (৭ মার্চ) বিকেল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩০১ ভিভিআইপি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।
স্থানীয় সময় রাত পৌনে ১০টায় আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং আমিরাত সরকারে উচ্চ পর্যায়ের প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিমানবন্দরে স্বাগত জানাবেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্ট্যাটিক গার্ড অব অনার দেয়া হবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী তার সফরকালীন আবাসস্থলে যাবেন।
মঙ্গলবার (৮ মার্চ) সফরের দ্বিতীয় দিন দুপুরে দুবাই এক্সিবিশন সেন্টারে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘রিডিফাইনিং দ্য ফিউচার ফর উইমেন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নেবেন। এরপর প্রধানমন্ত্রী সেখানকার বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করবেন। বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে উপ-রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৯ মার্চ) সকালে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ মোহম্মদ বিন জায়েদ বিন সুলতান আল-নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সংযুক্ত আরব আমিরাতের জাতির মা শেখ ফাতিমা বিনতে মুবারকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। রাতে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের দেওয়া নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকালে ‘ফাও রিজিওনাল কনফারেন্স ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ এর উদ্বোধনী পর্বে অংশ নেবেন। বিকেলে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশি ব্যবসায়ীদের যৌথ আয়োজনে অনুষ্ঠানে অংশ নেবেন।
শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত সংবর্ধনায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই অনুষ্ঠান থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রী রাশ আল খাইমাতে বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
সফর শেষে শনিবার (১২ মার্চ) রাতে ঢাকায় ফিরে আসবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে রবিবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, এ সফরে দেশটির সঙ্গে বাংলাদেশের চারটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে। সফরে আমিরাতের শ্রম বাজার জনবল পাঠানো, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি, সরাসরি শিপিং লাইন চালু, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তনে টেকসই উন্নয়ন, আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সহযোগিতা বাড়ানোর বিষয়ে জোর দেবে ঢাকা।
এছাড়া, আজ সোমবার সকাল থেকে নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী। সকালে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। পরে সকাল সাড়ে ৯টায় গণভবনে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে প্রকাশিত স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন। সকাল ১০টায় ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সরকারি অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নেন। এছাড়া বেলা ১১টা ৩০ মিনিটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্যালয়ে আয়োজিত ৭ মার্চের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সভাপতিত্ব করেছেন।