প্রকাশ: সোমবার, ৭ মার্চ, ২০২২, ১:৪৫ পিএম (ভিজিট : ২৭১)

X
ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২২’ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছেন নীলাঞ্জনা রায়। গতকাল রোববার (৬ মার্চ) রাতে এ আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। ট্রফির পাশাপাশি নীলাঞ্জনা পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ রুপি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রাজশ্রী বাগ, শরদ শর্মা ৷ তারা পুরস্কার হিসেবে পেয়েছেন যথাক্রমে ৫ লাখ এবং ৩ লাখ রুপি। সারেগামাপা-র বিজয়ী হওয়ার পরে সংবাদ মাধ্যমে নীলাঞ্জনা জানিয়েছেন যে অত্যন্ত খুশি হয়েছেন সারেগামাপা-র বিজয়ী হয়ে ৷
চূড়ান্ত পর্বে লড়াই করেছেন শারৎ শর্মা, নীলাঞ্জনা রায়, অনন্যা চক্রবর্তী, স্নিগ্ধাজিত ভৌমিক, রাজশ্রী বাগ, সঞ্জনা ভাট। এ আসরের বিচারকের চেয়ারে ছিলেন বিশাল দাদলানি, হিমেশ রেশমিয়া, শঙ্কর মহাদেব। তা ছাড়াও উপস্থিত ছিলেন উদিত নারায়ণ ও প্রয়াত সুরকার-গায়ক বাপ্পি লাহিড়ির পরিবারের সদস্যরা।
বিজয়ের মুকুট পরে খুশি নীলাঞ্জনা। টাইমস অব ইন্ডিয়াকে ১৮ বছর বয়েসী এই শিল্পী বলেন ‘এই বিজয়ে আমি ভীষণ আনন্দিত। কিন্তু আমার মূল লক্ষ্য ছিল দর্শকের হৃদয় জয় করা এবং তাদের ভালোবাসা পাওয়া। মানুষের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছি। এই ট্রফি আমার জন্য বোনাস।’
নীলাঞ্জনার বিজয়ে তার বাবা-মা দারুণ আনন্দিত। তাদের ইচ্ছে ছিল মেয়ে সারেগামাপা বিজয়ী হোক। তাদের স্বপ্নপূরণ করেছেন উত্তরবঙ্গের এই মেয়ে। নীলাঞ্জনা জানিয়েছেন সারেগামাপা-র এই যাত্রা খুব একটা সহজ ছিলনা ৷ প্রত্যেকেই জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্য দিয়েই অতিবাহিত হন ৷ কিন্তু তিনি অত্যন্ত ভাগ্যবতী যে তাঁকে জীবনে তেমন কোনও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়নি এখনও পর্যন্ত ৷ এত বড় একটি প্রতিযোগিতায় ভাল ভাল প্রতিযোগীর সঙ্গে লড়ে এই সম্মান প্রাপ্তি অত্যন্ত তৃপ্তি দিয়েছে তাঁকে ৷ আলিপুরদুয়ারের মেয়ে নীলাঞ্জনার জন্য গর্বিত প্রতিবেশীরাও তাঁরাও অপেক্ষা করছেন যে কখন তিনি ফিরবেন বাড়িতে ৷ নীলাঞ্জনা ক্লাস টুয়েলভের শিক্ষার্থী। তাই বাড়ি ফিরে গানের চর্চার পাশাপাশি আপাতত পড়াশোনায় মন দিতে চান তিনি।