প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ৩:২৯ পিএম (ভিজিট : ৩১৩)

X
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে শপথ নেওয়ার জন্য জায়েদ খান ‘ছলনা’ করেছেন বলে অভিযোগ করেছেন সভাপতি ইলিয়াস কাঞ্চন। একইসঙ্গে এই নায়কের শপথ এবং তাকে নিয়ে করা সভাও বাতিল করেছেন তিনি। সোমবার (৭ মার্চ) সন্ধ্যায় এফডিসিতে এক জরুরি সংবাদ সম্মেলনে নতুন ঘোষণা দেন সমিতির নবনির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন।
তিনি জানান, ‘জায়েদ খান ও নিপুণের মধ্যে চলমান আইনি জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন সহ সাধারণ সম্পাদক সাইমন সাদিক।’
ইলিয়াস কাঞ্চন আরও অনেক অভিযোগ তুলে আনেন জায়েদের বিরুদ্ধে। সেসব অভিযোগের ভিত্তিতে এবার মুখ খুললেন জায়েদ খান। রাত ১১টার দিকে তিনি গণমাধ্যমের সঙ্গে প্রায় ২০ মিনিটের মতো কথা বলেন। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।
জায়েদ খান বলেন, ‘আসলে ইলিয়াস কাঞ্চন ভাইয়ের কোথাও একটা ভুল হচ্ছে। হাইকোর্টে আমি মামলাটা জিতেছি। এটা প্রমাণও করেছি। আমার আইনজীবি নতুন মামলার সার্টিফিকেট দেখিয়েছি। কাঞ্চন ভাই পড়লেন তারপর আমাকে শপথ পাঠ করিয়েছেন। এখন প্রতারণা আসলে কই থেকে আসছে সেটা বুঝতে পারছি না। ইলিয়াস কাঞ্চন ভাই কিন্তু একবারও বলেননি আমাকে ফটোকপি দিতে। জালিয়াতি বা ভুয়া কাগজ যেটাকে বলা হচ্ছে, সেটা আসলে ঠিক কিভাবে হলো এটা বুঝতে পারছি না।’
তিনি আরও বলেন, ‘আপিলের কপি তো অনলাইনে পাবলিস্ট হয়েছে। সেই কাগজটাই আমি দিয়েছি। কিন্তু এটা নিয়ে এভাবে সংবাদ সম্মেলন করবেন ইলিয়াস কাঞ্চন ভাই আসলে আমি ভাবতেই পারিনি। ওনার সব অভিযোগই অস্বীকার করছি। কারণ কোথাও একটা ভুল হচ্ছে। এছাড়া ফটো কপি দিতে পারি নাই, সিল ঠিক ছিল না এসব অভিযোগের কোন ভিত্তি নাই। উনি অনেক সম্মানিত মানুষ।’ এসব বিষয়ে আরও অনেক কথাই বলেন জায়েদ খান। তবে নতুন যেই সিদ্ধান্ত হোক না কেন তা গ্রহণযোগ্য হবে না। কারণ সুপ্রিম কোর্ট এখন যা বলবেন তাই আমি মাথা পেতে নিবো। অন্য কারও কথায় আমি কান দিচ্ছি না।’