প্রকাশ: শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২, ৬:৩৭ পিএম (ভিজিট : ২৭৩)

X
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) মাধ্যমে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে আরও বিনিয়োগ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে সে দেশের ইকোনমিক গ্রোথ, এনার্জি অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জোসে ডব্লিউ ফার্নান্দেজের সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।
বৈঠকে বিদ্যমান দ্বিপাক্ষিক জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা হয় এবং সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে উভয়পক্ষ প্রত্যয় ব্যক্ত করেন।
জ্বালানি উপদেষ্টা বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানিখাতকে স্বনির্ভর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত নীতির বিষয়ে আন্ডার সেক্রেটারিকে অবহিত করেন। বাংলাদেশ সরকার কীভাবে গ্যাস, তেল ও কয়লা, পারমাণবিক এবং নবায়নযোগ্য জ্বালানির মতো বিভিন্ন উৎস থেকে জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আনছে তা তিনি তুলে ধরেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বর্তমান বৈশ্বিক জ্বালানি ঘাটতি বাংলাদেশসহ অনেক দেশকে তাদের জ্বালানি নিরাপত্তা টিকিয়ে রাখার ক্ষেত্রে ঝুঁকির মধ্যে ফেলেছে উল্লেখ করে ড. তৌফিক-ই-ইলাহী পরিস্থিতির উন্নতি ঘটাতে ভূমিকা রাখার জন্য মার্কিন সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ডিএফসির অর্থায়নের মাধ্যমে বাংলাদেশের মতো দেশে আরও বিনিয়োগে এগিয়ে আসা উচিত।
এসময় মার্কিন আন্ডার সেক্রেটারি বাংলাদেশের চমৎকার আর্থ-সামাজিক প্রবৃদ্ধি এবং দারিদ্র্য নিরসনে অগ্রগতির প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশ-মার্কিন সম্পর্ক আরও সম্প্রসারিত ও গভীর হচ্ছে এবং উভয় সরকারের উচিত তাদের অভিন্ন স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া।
-বাবু/ফাতেমা