প্রকাশ: বুধবার, ২৪ আগস্ট, ২০২২, ৬:৩৩ পিএম (ভিজিট : ৩৫০)

X
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের লাখাইছড়া চা বাগানে টিলার মাটি চাপা পড়ে নিহত ৪ নারী চা শ্রমিকের পরিবার পাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর। নিহত সেই ৪ নারী চা শ্রমিকের পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে।
বুধবার (২৪ আগস্ট) সকাল ১১ টার দিকে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন নিহতদের বাড়িতে গিয়ে ৪টি পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজ-খবর নেন। এসময় তারা নিহতদের পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার কথা জানান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তরিকুল ইসলাম, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা প্রমুখ।
এদিকে গত ২০ আগস্ট টিলা ধসে নিহত ৪ চা শ্রমিক পরিবারকে মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) তানিয়া সুলতানা লাখাইছড়া চা-বাগানে এসে নিহতদের পরিবারের কাছে এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় শ্রীমঙ্গলের এসি ল্যাণ্ড সন্ধীপ তালুকদার ও কালীঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা উপস্হিত ছিলেন।
গত ১৯ আগস্ট ৪ নারী চা শ্রমিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। তিনি তাৎক্ষনিক নিহতদের সৎকারের জন্য আর্থিক সহায়তাও প্রদান করেন।
বাবু/এসএম