সংসদে যাদের নামে শোক প্রস্তাব

বুলেটিন নিউজ ডেস্ক

জাতীয়

একাদশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া ও সাবেক ৬ জন এমপিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে

2022-08-28T17:58:21+00:00
2022-08-28T17:58:21+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সংসদে যাদের নামে শোক প্রস্তাব
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৮ আগস্ট, ২০২২, ৫:৫৮ পিএম   (ভিজিট : ৩১৬)
X

একাদশ জাতীয় সংসদের প্রয়াত ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বী মিয়া ও সাবেক ৬ জন এমপিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব আনা হয়েছে।

রোববার (২৮ আগস্ট) জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে এই শোক প্রস্তাব আনা হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শোক প্রস্তাবটি পড়ে শোনান। এরপর মরহুমদের প্রতি শ্রদ্ধা জানাতে অধিবেশনে উপস্থিত এমপিরা একমিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করেন। এরপর মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

ডেপুটি স্পিকার ছাড়াও সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এম আবু ছালেহ (৭ ডিসেম্বর ১৯৭০ অনুষ্ঠিত জাতীয় পরিষদ নির্বাচন, তৎকালীন সাতকানিয়া-কুতুবদিয়া-চকরিয়া, এন-ই-১৬০), সাবেক সংসদ সদস্য আব্বাস আলী মন্ডল (তৃতীয় জাতীয় সংসদ, জয়পুরহাট-১), সাবেক সংসদ সদস্য করিম উদ্দিন ভরসা (পঞ্চম জাতীয় সংসদ, রংপুর-১ এবং সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ, রংপুর-৪), সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব (চতুর্থ জাতীয় সংসদ, দিনাজপুর-৫) এবং সাবেক সংসদ সদস্য খোরশেদ আরা হকের (দশম জাতীয় সংসদ, সংরক্ষিত মহিলা আসন-৫০) মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

স্পিকার এ সময় বলেন, উল্লিখিত বিশিষ্ট ব্যক্তিদের জীবনবৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

এছাড়া স্বাধীনতা পদক এবং একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হক, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক বীর মুক্তিযোদ্ধা আলম খান, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ নৌ অভিযান পরিচালনাকারী বীর মুক্তিযোদ্ধা আবু মুসা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য ও সাবেক সচিব এটিএম শামসুল হক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ, কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরবিক্রম শতকত আলী সরকার, মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. বদরুল হোসেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট রফিকুস সালেহীন, দেশের সিনেমা ও নাট্যাঙ্গনের বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক অমিত হাবিবের মৃত্যুতে মহান সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে।

প্রস্তাবে বলা হয়, পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে, উত্তরায় ক্রেন দুর্ঘটনায়, শ্রীমঙ্গলে টিলা ধসে, তুরস্কের গাজিয়ান্তেপ ও মারদিনে পৃথক সড়ক দুর্ঘটনায়, আফগানিস্তানে বন্যায় এবং দেশ-বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সব বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

স্পিকার বলেন, উত্থাপিত শোক প্রস্তাবগুলো ছাড়া যদি কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তী সময়ে প্রস্তাবে অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে।

-বাবু/ফাতেমা





Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy