ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার যৌক্তিকতা নেই : মেয়র তাপস

বুলেটিন ডেস্ক

জাতীয়

হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত না করে ২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ

2022-08-30T19:28:19+00:00
2022-08-30T19:28:19+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা রাখার যৌক্তিকতা নেই : মেয়র তাপস
বুলেটিন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৭:২৮ পিএম   (ভিজিট : ২৯৬)
X

হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নিশ্চিত না করে ২৪ ঘণ্টা ওষুধের দোকান খোলা রাখার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেছেন, হাসপাতালে সংযুক্ত ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার যৌক্তিকতা আমরা দেখি না। কারণ, যেখানে রোববার থেকে বৃহস্পতিবার সুনির্দিষ্ট সময়ের পর এবং শুক্র-শনিবার এবং রাতে চিকিৎসকই পাওয়া যায় না সেখানে ওষুধের দোকান কেন ২৪ ঘণ্টা খোলা রাখা হবে? আগে তো চিকিৎসক নিশ্চিত করতে হবে। তারপর তো চিকিৎসাসেবার জন্য ওষুধের দোকান খোলা রাখতে হবে।

মঙ্গলবার (৩০ অগাস্ট) বিকেলে নগর ভবনের মেয়র হানিফ অডিটোরিয়ামে ডিএসসিসির দ্বিতীয় পরিষদের ষোড়শ করপোরেশন সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ২৫ আগস্ট এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, রাত ২টা পর্যন্ত নয়, ২৪ ঘণ্টাই ওষুধের দোকান খোলা থাকবে। স্বাস্থ্যসেবা হলো জরুরিসেবা। আমরা কোনো হাসপাতালের টাইমিং কমাইনি। ২৪ ঘণ্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিসকেন্দ্রিক বা সিভিল সার্জন অফিস সেখানে ৮টা থেকে ৩টা করেছি। তাছাড়া সব হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে। সেখানে সময়টা অপরিবর্তিত থাকবে এবং ওষুধের দোকানের বিষয়ে আমরা বন্ধ করার জন্য কোনো নির্দেশনা দেইনি।

এ বিষয়ে ডিএসসিসি মেয়র বলেন, ডিএসসিসি ঘোষিত সময়সূচির বাইরে যে কোনো ধরনের প্রতিষ্ঠান, স্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে চাইলে লিখিত আবেদন করতে হবে। পূর্বানুমতির জন্য ওই আবেদনের যথাযথ যৌক্তিকতা থাকতে হবে। যদি লিখিত কোনো আবেদন আসে, আমরা অবশ্যই সেটা বিবেচনা করবো।

গত ২২ আগস্ট দেশের জাতীয় বিভিন্ন পত্রিকায় গণবিজ্ঞপ্তি দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে ১ সেপ্টেম্বর থেকে ডিএসসিসি এলাকার কোন প্রতিষ্ঠান কখন বন্ধ থাকবে তা নির্ধারণ করে দেয় সংস্থাটি। এতে বলা হয়, সাধারণ ওষুধের দোকান বন্ধ করতে হবে রাত ১২টার মধ্যে। হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান বন্ধ করতে হবে রাত ২টার মধ্যে।

হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের দোকান ২৪ ঘণ্টা খোলা রাখার বিষয়ে বিচ্ছিন্নভাবে নানা মাধ্যমে আলোচনা হলেও করপোরেশন এখনো কোনো পক্ষ বা ব্যক্তির কাছ থেকে কোনো ধরনের আবেদন পায়নি জানিয়ে মেয়র তাপস বলেন, ঘোষিত গণবিজ্ঞপ্তির সময়সূচি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে। শুধু হাসপাতাল সংশ্লিষ্ট ওষুধের দোকানগুলো খোলা রাখার বিষয়ে বিভিন্নভাবে বলা হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট অংশীজন যারা আছেন, তারা কিন্তু আমাদের কাছে কোনো লিখিত আবেদন করেননি।

মেয়র শেখ তাপস বলেন, আমরা ঢাকা শহরের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে একটি সময়সূচি উপস্থাপন করেছি এবং আগামী ১ সেপ্টেম্বর থেকে এটা কার্যকর করতে চাই। সেখানে দোকানপাট, বিপণিবিতান, কাঁচাবাজার, রেস্তোরাঁর রান্নাঘর ও খাবার সরবরাহ, চিত্ত-বিনোদনসহ প্রেক্ষাগৃহ ইত্যাদির জন্য সমসয়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া ওষুধের দোকানগুলোর জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। পাড়া-মহল্লার ওষুধের দোকানের জন্য আমরা রাত ১২টা পর্যন্ত সময় দিয়েছি এবং হাসপাতালের সাথে যে ওষুধের দোকানগুলো রয়েছে, সেগুলোকে রাত ২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

তিনি বলেন, এ সময়সীমার বাইরে যদি কোনো প্রতিষ্ঠান, স্থাপনা ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে চায় তাহলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাছে লিখিতভাবে আবেদন করতে হবে। সেখানে তাদের প্রতিষ্ঠান বা কার্যক্রম কেন অত্যাবশ্যকীয়, সেটার যথাযথ যুক্তি দেখাতে হবে। আমরা সেটা বিচার-বিশ্লেষণ করে প্রয়োজনীয়তা বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কার্যক্রমকে বর্ধিত সময় দেবো। কিন্তু ঢাকা শহরকে একটি সুনির্দিষ্ট সময়সূচির মধ্যে আনতেই হবে।

ঘোষিত সময়সূচি বাস্তবায়নে কাউন্সিলরদের নির্দেশনা দিয়ে শেখ তাপস বলেন, আপনারা অবশ্যই এ সময়সূচি নিশ্চিত করবেন। এলাকা, পাড়া-মহল্লায় যেন সবাই সূচি মেনে কার্যক্রম পরিচালনা করে সেটি নিশ্চিত করবেন। এর ব্যত্যয় হলে আমরা আইনানুগ কঠোর ব্যবস্থা নেবো। সে লক্ষ্যে আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

সময়সূচির সঙ্গে করপোরেশনের আনুষঙ্গিক কার্যক্রম ও শহরের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে মেয়র বলেন, শুধু অবকাঠামো উন্নয়নেই একটি শহরকে পরিচালনা করা যায় না। তার সাথে আনুষঙ্গিক বিষয়গুলোরও সংযোগ রয়েছে। সুনির্দিষ্ট সময়সূচির সাথে আমাদের বিভিন্ন কার্যক্রমের ব্যবস্থাপনা জড়িত। যখন সবকিছু একটি সূচির আওতায় আসবে তখন আমরা কার্যক্রমগুলো আরও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবো। ঢাকাবাসীকে ফলপ্রসূ ও কার্যকর সেবা দেওয়ার পাশাপাশি একটি উন্নত ঢাকা উপহার দিতে পারবো।

করপোরেশনের সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন। এসময় কাউন্সিলররা বিভিন্ন বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

-বাবু/এসআর








Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy