প্রকাশ: বুধবার, ৩১ আগস্ট, ২০২২, ৬:০৮ পিএম (ভিজিট : ৩১৩)

X
জ্বালানি তেলের দামের সঙ্গে সমন্বয় করে বাস ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাস ভাড়া প্রতি কিলোমিটার ৫ পয়সা কমানোর সিদ্ধান্ত হয়েছে। মহানগরে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৪৫ পয়সা ও দূরপাল্লার বাসে ২ টাকা ১৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বনানীর বিআরটিএ সদর কার্যালয়ে বাস মালিকদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বিআরটিএর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
এর আগে গত ৬ আগস্ট সর্বশেষ বাস ভাড়া বাড়ানো হয়েছিল। তখন দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ৪০ পয়সা বাড়িয়ে ২ টাকা ২০ পয়সা নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে বাস ভাড়া বাড়ানো হয়েছিল ২২ শতাংশ। এছাড়া মহানগরীতে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা বাড়িয়ে ভাড়া ২ টাকা ৫০ পয়সা করা হয়। তাতে ভাড়া বৃদ্ধি পেয়েছে ১৬ দশমিক ২৭ শতাংশ। মহানগর পর্যায়ে মিনিবাসের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি বাস ভাড়া ২ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়। যা আগে ছিল ২ টাকা ১০ পয়সা।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে পরিবহন ভাড়া সমন্বয় করে গত ৬ আগস্ট বিআরটিএ ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির বৈঠকে এই ভাড়া নির্ধারণ করে। যা পরের দিন ৭ আগস্ট রবিবার থেকে কার্যকর হয়।
-বাবু/এসআর