প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২, ৮:৩২ পিএম (ভিজিট : ২৬৮)

X
চোটের সঙ্গে লড়ছিলেন অনেক দিন হলো। অবশেষে টেনিসকে বিদায়ই জানিয়ে দিলেন রজার ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার এ মাসের লেভার কাপ খেলেই বিদায় জানাবেন টেনিসকে। আজ আনুষ্ঠানিকভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন সুইস তারকা।
আজ ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে তিনি জানান এই সিদ্ধান্ত। সেখানে তিনি জানান, 'আপনারা অনেকেই জানেন শেষ তিন বছর আমাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে, চোট-সার্জারির ধকল সহ্য করতে হয়েছে। প্রতিযোগিতামূলক খেলায় পুরোপুরি ফিরতে কঠোর পরিশ্রম করেছি। কিন্তু আমি আমার শরীরের ক্ষমতা আর সীমাবদ্ধতা জানি। আর এটা আমাকে যা জানাতে চাচ্ছে, সেটা পরিষ্কার। আমি ৪১ বছর বয়সী একজন মানুষ। ২৪ বছরের ক্যারিয়ারে ১৫০০ এরও বেশি ম্যাচ খেলেছি। টেনিস আমাকে আমার কল্পনার চেয়েও বেশি কিছু দিয়েছে। আর এখন আমার ক্যারিয়ারের ইতি টানার সময় হয়ে এসেছে।'
বিদায়ী বার্তায় ফেদেরার তাঁর পরিবার, বন্ধু, কোচ, প্রতিদ্বন্দ্বী, পৃষ্ঠপোষক, ভক্ত-সমর্থক—সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফেদেরার। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক। ২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এরপর টেনিসকে শিল্পে রূপ দিয়ে জিতেছেন ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফ্রেঞ্চ ওপেন, ৮ উইম্বলডন আর ৫টি ইউএস ওপেন। গ্র্যান্ড স্লাম জেতার দিক দিয়ে তাঁর ওপরে আছে শুধু রাফায়েল নাদাল (২২) আর নোভাক জোকোভিচ (২১)।
ফেদেরের এই বিদায়ে একটি বড় অধ্যায়ই শেষ হতে চলেছে টেনিসের ইতিহাসে। ভবিষ্যতে টেনিস খেলবেন, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়, জানান ফেদেরার। বললেন, আগামী সপ্তাহে লন্ডনে অনুষ্ঠেয় লেভার কাপই হবে আমার শেষ এটিপি ইভেন্ট। ভবিষ্যতে আরও টেনিস খেলব, তবে প্রতিযোগিতামূলক টেনিস আর নয়। আর কোনো গ্র্যান্ড স্ল্যাম কিংবা কোনো ট্যুরে খেলব না।
বাবু/জাহিদ