জিরো পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ সচিবালয়ের সামনে, বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ ব্যানারের সামনে বসে ছিল তারা
সরকার প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালন করে থাকে। ‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’ প্রতিপাদ্যে সোমবার (৩ অক্টোবর) থেকে সারাদেশে পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস। একই সাথে শিশুর অধিকার, সুরক্ষা এবং শিশুর উন্নয়ন ও বিকাশে সংশ্লিষ্ট সকলকে অধিকতর উদ্যোগী ও সচেতন করার লক্ষ্যে আগামী ৪ থেকে ১১ অক্টোবর পর্যন্ত পালন করা হবে শিশু অধিকার সপ্তাহ।
তবে এসব বিষয়ে জানে না এই অবুঝ দুই শিশু। জিরো পয়েন্ট সংলগ্ন বাংলাদেশ সচিবালয়ের সামনে দেখা মেলে তাদের। এদের একজনের নাম আলামিন। অন্যজনের নাম ইয়াসিন। বিশ্ব শিশুদিবস ও শিশু অধিকার সপ্তাহ পালনের ব্যানারের সামনে বসে ছিল তারা। এদের দুজনের সাথে কথা বলে জানা যায়, বাবার সাথে তাদের কোন যোগাযোগ নেই এবং তাদের মায়েরা ভাসমান অবস্থায় বিভিন্ন প্রকার পন্য বিক্রি করে। তাদের এই কাজে ইয়াসিন ও আলামিন সহযোগিতা করে, এভাবেই কোন মতে জীবিকা নির্বাহ করে যাচ্ছে তারা।
এসব শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া খাবারের চাহিদা ঠিক মতো পূরন করতে না পারার কারনে বেড়ে উঠছে পুষ্টিহীনতা নিয়ে। সুবিধাবঞ্চিত এসব শিশুরা ত্রুটিপূনভাবেই বেড়ে উঠছে এবং দেশ হারাচ্ছে সম্ভাবনাময়ী প্রজন্মকে।