আগামী সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। এটি কোন স্থান দিয়ে উপকূল অতিক্রম করবে তা এখনই বলা যাচ্ছে না। তবে ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা ভারত-বাংলাদেশের উপকূলের কোন একটি স্থান দিয়ে স্থলভাগ পার হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
আবহাওয়াবিদরা জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) দেশ থেকে বিদায় নিতে পারে। এরপর মূলত সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে এর নাম হবে ‘সিত্রাং’। নামটি থাইল্যান্ডের দেওয়া।
আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলছেন, চলতি মাসে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর বেশি এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ, একটি সিস্টেমে কয়েকটি ধাপ পার হয়ে তারপর ঘূর্ণিঝড় সৃষ্টি হয়।
-বাবু/এ.এস