প্রকাশ: রোববার, ১৩ নভেম্বর, ২০২২, ৬:৪৬ পিএম আপডেট: ১৩.১১.২০২২ ৬:৪৮ পিএম (ভিজিট : ১৮৩)

X
সৌদি আরবে অবস্থানরত প্রায় তিন লাখ রোহিঙ্গাকে পাসপোর্ট দিতে ও নবায়ন করতে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশকে। তবে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের আইন অনুযায়ী এনআইডিসহ যা যা লাগবে, সেগুলো দেখিয়ে যারা পাসপোর্ট পাওয়া ও নবায়নের যোগ্য, সেক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করবে।
সূত্র মতে, সৌদি আরবে থাকা রোহিঙ্গাদের মধ্যে ৬০ হাজারের মতো বাংলাদেশি পাসপোর্টধারী। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আসাদুজ্জামান খানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে। এ সময় এসব প্রসঙ্গে আলোচনা হয়েছে।
আজ রবিবার সকাল সোয়া ১০টায় বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছিলেন জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আমিনুল ইসলাম খান, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে আলোচনার বিষয়ে জানান, আলোচনায় ঘুরেফিরে ‘রোহিঙ্গা’ প্রসঙ্গটি এসেছে। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য তারা যথেষ্ট সহযোগিতা করেছেন। সৌদি আরব এনজিও ও সরকারিভাবে রোহিঙ্গাদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। সেটাকে আরও কীভাবে জোরদার করা যায়? কীভাবে এরা (রোহিঙ্গা) নিরাপদ ও সম্মানের সঙ্গে মিয়ানমারে ফেরত যাবে- এসব বিষয়ে আলোচনা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের বিষয়ে তারা জানিয়েছেন যে, তিন লাখ রোহিঙ্গা তাদের ওখানে বসবাস করেন। তারা সেখানে ব্যবসা-বাণিজ্য সবই করছেন। তারা আমাদের কাছে যে আবেদন করেছিল আমরা সেটা দেখছি। তারা পাসপোর্টগুলো নবায়ন করে দেওয়ার জন্য বলেছেন। সিস্টেমওয়াইজ আমরা পাসপোর্টগুলো নবায়ন করছি, যারা ওখানে রয়েছেন। আমাদের একটা জয়েন্ট ওয়ার্কিং কমিটি হতে যাচ্ছে। যেন এসব সমস্যা যেগুলো আছে, সেগুলো সুরাহা করার জন্য।
রোহিঙ্গারা কী বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সেখানে গিয়েছেন, সেজন্য এখন পাসপোর্ট নবায়নের বিষয়টি আসছে? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা আমাদের দেশ হয়ে গেছেন, এটা সঠিক। তারা তাড়া খেয়ে বাংলাদেশে ঢুকেছেন। তিন লাখ লোক যারা গিয়েছেন, আমাদের পাসপোর্ট নিয়ে তারা যাননি। তারা নিজেদের ম্যাকানিজমে গিয়েছেন, তাদেরই (সৌদি সরকার) অনুরোধে।
বাবু/এসআর