মেয়র তাপসের মাঠ উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

জাতীয়

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে একটি মাঠ উদ্বোধন অনুষ্ঠানে হামলা চালিয়েছে ঢাকা

2022-12-07T16:21:19+00:00
2022-12-07T16:21:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মেয়র তাপসের মাঠ উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা
প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৪:২১ পিএম   (ভিজিট : ২০০)
X


ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের উপস্থিতিতে একটি মাঠ উদ্বোধন অনুষ্ঠানে হামলা চালিয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

বুধবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলার ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাদ্রাসার দক্ষিণ পাশের একটি মাঠ উদ্বোধনকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটে। মাঠ উদ্বোধনের সময়ে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এতে স্থানীয় কাউন্সিলরের কয়েকজন কর্মী আহত হয়েছেন।

স্থানীয় ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ ও ডিএসসিসির একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, মাঠটির মালিকানা দাবি করে আসছে মাদ্রাসা কর্তৃপক্ষ। অন্যদিকে, কারা কর্তৃপক্ষ বলছে, মাঠটির মালিক তারা। তারা মাঠটি প্যারেড গ্রাউন্ড হিসেবে ব্যবহার করে আসছে। মাঠের মালিকানা নিয়ে মাদ্রাসা ও কারা কর্তৃপক্ষের মধ্যে আদালতে মামলা চলছে। এমন প্রেক্ষাপটে ডিএসসিসি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মাঠটি সংস্কারের উদ্যোগ নেয়। কারণ, আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন এলাকার মাঠ দেখার দায়িত্ব ডিএসসিসির। মাঠটির সংস্কার কার্যক্রম শুরু করতে গিয়েও বাধার মুখে পড়েন ডিএসসিসির প্রকৌশলীরা।

নাম প্রকাশ না করা শর্তে ডিএসসিসির দায়িত্বশীল এক প্রকৌশলী বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা চাচ্ছেন, মাঠটির নাম হোক ‘ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠ’। কিন্তু ডিএসসিসি নাম দিয়েছে ‘বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ’। মাঠের নামকরণ নিয়ে মাদ্রাসার শিক্ষার্থীদের আপত্তি ছিল। এ কারণেই আজ তারা হামলা চালিয়েছেন। সংস্কার কাজ শেষে মাস দেড়েক আগে মাঠের মূল ফটকে নামফলক বসাতে গিয়েছিলেন ডিএসসিসির কর্মকর্তারা। তখন মাদ্রাসার শিক্ষার্থীরা ডিএসসিসির কর্মকর্তাদের ওপর চড়াও হয়েছিলেন। তখন অবশ্য হামলার ঘটনা ঘটেনি।

ডিএসসিসির এই প্রকৌশলী বলেন, পূর্বঘোষণা অনুযায়ী, আজ দুপুরে মাঠটি উদ্বোধনের সময়সূচি নির্ধারিত ছিল। খবর পেয়ে আজ সকাল থেকে মাদ্রাসার ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠ এলাকায় অবস্থান নেন। তারা ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে থাকেন। ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’ বলেও তারা স্লোগান দেন। বকশীবাজার এলাকায় মেয়র পৌঁছার পরও তারা স্লোগান দিতে থাকেন। নামফলকের সামনে লাগানো কাপড়টি যখন মেয়র সরিয়ে উদ্বোধন করতে যাচ্ছিলেন, ঠিক তখনই ছাত্রলীগের নেতা-কর্মীরা অনুষ্ঠানে আগত লোকজনের ওপর হামলা চালান। এই ঘটনার পরই সেখান থেকে চলে যান মেয়র।

ডিএসসিসির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা আবু নাসের বলেন, ‘এই ঘটনায় মেয়রের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। তিনি নামফলক উদ্বোধন শেষে নিরাপদে নগর ভবন এসেছেন।’

কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ বলেন, হামলার ঘটনায় তার এক কর্মীর চোখের ওপর ইটের অংশ এসে পড়ে। এতে তার চোখ জখম হয়েছে।

ঢাকায় আলিয়া মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি জোবায়ের খান বলেন, ‘১৯৮৬ সাল থেকে মাঠটির মালিকানা নিয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে মাদ্রাসা কর্তৃপক্ষের বিরোধ চলছে। এখন এই মাঠের মালিকানা নিয়ে দু'পক্ষের মধ্যে মামলা চলছে। এমন পরিস্থিতিতে ডিএসসিসি বলে, তারা মাঠের সংস্থার কাজ করবে। আমরা প্রথমে আপত্তি জানিয়েছিলাম। পরে মাদ্রাসা কর্তৃপক্ষকে ডেকে ডিএসসিসি বলে, শিক্ষার্থীরা যেভাবে চাইবেন, সেভাবেই করা হবে। কিন্তু হঠাৎ করে আজ নামফলকে বকশীবাজার কেন্দ্রীয় খেলার মাঠ নামকরণ করে মাঠের উদ্বোধন করা হচ্ছে শুনে শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। তারা এই নামকরণের প্রতিবাদ জানান। এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিপেটা করে। কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। এই ঘটনায় অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।’

হামলার বিষয়ে ছাত্রলীগের এই নেতা বলেন, আন্দোলনকারীদের মধ্যে জামায়াত-বিএনপির লোকজন থাকতে পারেন। পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অতি উৎসাহী হয়ে তারা হামলা চালাতে পারেন। কিন্তু এই ঘটনার পর ছাত্রলীগ সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

-বাবু/এ.এস






Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy