
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নৌবাহিনীর সব নৌ অঞ্চলগুলোতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। দিবসটি উপলক্ষে নৌ অঞ্চলগুলোর সব জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধবিষয়ক বিশেষ প্রমাণ্যচিত্র প্রদর্শিত হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজসমূহে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা, আবৃত্তি, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়।
এ ছাড়া দিবসটি উপলক্ষে বিআইডব্লিউটিএ ঢাকা সদর ঘাটে বানৌজা অদম্য, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা অতন্ত্র, চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, বিআইডব্লিউটিএ রকেট ঘাট খুলনায় বানৌজা চিত্রা, দিগরাজ মোংলা নেভাল বার্থে বানৌজা করতোয়া এবং বিআইডব্লিউটিএ ঘাট বরিশালে বানৌজা যমুনা সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়। পাশাপাশি চট্টগ্রামের লাভলেনে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। একই দিনে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনীর বাদক দল সদরঘাট এলাকায় জনসাধারণের জন্য বাদ্য পরিবেশন করে।
বাবু/জেএম