প্রকাশ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ৮:৩৮ পিএম (ভিজিট : ২৩৯)

X
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, দক্ষতার অভাবে সরকারের উন্নয়ন প্রকল্পে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি পর্যালোচনা সঠিকভাবে হচ্ছে না। ক্ষতি কমাতে উন্নয়ন প্রকল্প তৈরিতে ঝুঁকি পর্যালোচনার সক্ষমতা বাড়াতে হবে। একইসঙ্গে উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) প্রকল্প এলাকার দুর্যোগ ঝুঁকি সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে। উন্নয়ন প্রকল্পের কারণে যাতে ওই এলাকা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও নজর দিতে হবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে সেমিনারের আয়োজন করে কার্যক্রম বিভাগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দেশের দরিদ্র মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। যারা মারা যায় তাদের অধিকাংশই দরিদ্র মানুষ, যাদের চাল-চুলা কিছুই নেই। তবে যারা মোটামুটি একটু সচ্ছল তাদের তেমন ক্ষতি হয় না। প্রাকৃতিক দুর্যোগের ক্ষতির মূলে রয়েছে দারিদ্রতা এবং অর্থনৈতিক বিষয়গুলো। এই দুটোই মানুষের সৃষ্টি এবং এর মূলে রয়েছে অবিচার। সবার আগে এটা বন্ধ করেত হবে।
সেমিনারে বক্তারা বলেন, যেকোনো টেকসই উন্নয়নের জন্য প্রাকৃতিক ঝুঁকি পর্যালোচনা ব্যবস্থা জরুরি। এক্ষেত্রে দক্ষ জনবলের অভাব রয়েছে। দক্ষতা বৃদ্ধিতে কর্মকর্তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যাতে তারা প্রাকৃতিক প্রভাব এবং প্রশমনের ব্যবস্থা সম্পর্কে অবগত থাকেন। এছাড়া কি ধরনের ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে যথাযথ মূল্যায়ন করতে পারেন। সেমিনারে পরিকল্পনা কমিশনের বিভিন্ন বিভাগ এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাবু/এসআর