প্রকাশ: শুক্রবার, ৬ জানুয়ারি, ২০২৩, ৭:৩০ পিএম (ভিজিট : ১৪০)

X
খুলনায় মায়ের স্মৃতি বিজড়িত জমি ও পাট গোডাউন ঘুরে দেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৬ জানুয়ারি) বাদ মাগরিব খানজাহান আলী সেতু হয়ে তিনি টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে বিকেল ৪টার দিকে ব্যক্তিগত সফরে প্রধানমন্ত্রী খুলনার নগরঘাট খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদের তীরে পৌঁছান। বিকেলে দিঘলিয়ায় অবস্থিত মা ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতি বিজড়িত জমি ও পাট গোডাউন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বোন শেখ রেহেনাসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন প্রধানমন্ত্রী।
দিঘলিয়া থেকে প্রধানমন্ত্রী খুলনা নগরীর শেরে বাংলা সড়কে অবস্থিত ছোট চাচা শেখ আবু নাসেরের বাড়িতে যান। বঙ্গবন্ধু খুলনায় এসে এই বাড়িতে অবস্থান করতেন। সেখানে দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বাড়িতে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় শেষে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করেন।
এ সময় প্রধানমন্ত্রীর চাচাতো ভাই ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েলসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাবু/জেএম