প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৩:১৭ পিএম (ভিজিট : ১৬৩)

X
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা কাউকে ধাক্কা দিয়ে, টোকা দিয়ে ক্ষমতা থেকে ফেলতে চাই না। সঠিক ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে চাই। শান্তিপূর্ণ মিটিং-মিছিল করে সরকারের পতন ঘটাতে চাই।
তিনি বলেন, জোর করে ক্ষমতায় থাকার দিন শেষ। সরকারকে বলব, কোনো উসকানি দেবেন না, ফলাফল ভালো হবে না। সরকারের পদত্যাগসহ ১০ দাবিতে আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন,‘আমি ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্ত হয়েছি। আরও বহু সহকর্মীকে জেলখানায় রেখে এসেছি। জেলখানায় জায়গা নেই। রাজনৈতিক নেতাকর্মীদের ভরিয়ে দেওয়া হচ্ছে। সরকারকে বলব- গ্রেপ্তার করে, নির্যাতন করে পতন ঠেকাতে পারবেন না। এই নেতাকর্মীদের নেতৃত্বে সরকারের পতন ঘটানো হবে। সরকারের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, শান্তিপূর্ণ মিছিল মিটিং করেই এই সরকারের পতন ঘটাতে চাই।
রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টার দিকে গণঅবস্থান কর্মসূচি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাবু/জেএম