প্রকাশ: বুধবার, ১১ জানুয়ারি, ২০২৩, ৩:২০ পিএম (ভিজিট : ১৬৫)

X
আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগতসহ ১০ দফা দাবিতে ১৬ জানুয়ারি কেন্দ্রীয় ও সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ এবং মিছিলের ঘোষণা দিয়ে গণ-অবস্থান কর্মসূচি শেষ করেছে বিএনপি।
রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বুধবার বেলা ১১টার দিকে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ২টার দিকে প্রধান অতিথির বক্তব্যে নতুন কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তিনি মির্জা ফখরুল বলেন, অবিলম্বে সরকারকে পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সাধারণ মানুষ আজ বলছে- তারা আর পারছে না। চাল কিনতে পারে না। খাদ্য কিনতে পারে না। ওয়াসার এমডি আমেরিকায় ১৪টি বাড়ি কিনেছে। তিনি কতো হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। আজকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তারা সব ব্যাংক লুটে ফোকলা করে দিয়েছে। তিনি বলেন, তাদের লক্ষ্য হচ্ছে সবকিছুকে নিয়ন্ত্রণ করে আবারো একদলীয় শাসন কায়েম করা। আমরা সেটা হতে দিবে না! আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। আজকে জনগণ জেগে উঠেছে। সুশীল সমাজের প্রতিনিধিরা জেগে উঠেছে। গণমাধ্যমও ভূমিকা রাখছে।
এ সময় তিনি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ১৬ জানুয়ারি কেন্দ্রীয় ও সারা দেশে জেলা পর্যায়ে সমাবেশ এবং মিছিলের কর্মসূচি ঘোষণা করেন। এর আগে ১১টার দিকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে দলীয় সংগীত পরিবেশন করা হয়। গণ-অবস্থান অংশ নিতে সকাল থেকে জড়ো হন বিএনপির হাজারো নেতা-কর্মী। কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কের একটি অংশে বাঁশ দিয়ে ঘেরাও করে সেখানে চেয়ার বসানো হয়। গণ-অবস্থানে অংশ নিতে আসা নেতাকর্মীদের বসার জন্য সড়কে কার্পেট বিছানো হয়। ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে সভাপতিত্ব করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সদ্য কারাভোগের পর মুক্তি পাওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, উত্তরের সদস্য সচিব আমিনুল হক।
বাবু/জেএম